পাকিস্তানেই ঘাঁটি গেড়েছে মাফিয়া ডন দাউদ ইব্রাহিম
ফাইল ছবি
ভারতের মোস্ট ওয়ান্টেড মাফিয়া ডন দাউদ ইব্রাহিম পাকিস্তানেই আছেন। আর এ বিষয়টি এবার স্বীকার করে নিয়েছে ইসলামাবাদ প্রশাসন। আর নিয়ে ভারত-পাকিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে।
গত ১৮ আগস্ট পাক সরকারের একটি নির্দেশিকায় ৮৮ নিষিদ্ধ সন্ত্রাসবাদী দল ও তাদের নেতাদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই তালিকায় নাম রয়েছে দাউদ ইব্রাহিমের।
পাকিস্তান সরকারের দাবি মোতাবেক দাউদের বর্তমান ঠিকানা: হোয়াইট হাউস, সৌদি মসজিদ ক্লিফটন, করাচি। এর বাইরে ৩০ স্ট্রিট, ডিফেন্স, হাউজিং অথরিটি, করাচি আর নূরাবাদ করাচিতেও তার দুটি বাংলো রয়েছে বলে ওই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।
এর আগে ২০১৮ সালে পাকিস্তানকে ধূসর তালিকাভুক্ত করে প্যারিসভিত্তিক সংস্থা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ)। সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে নিষ্ক্রিয় করার প্রশ্নে পাকিস্তানে কী পদক্ষেপ নেয়া হয়েছে, তা ২০২০ সালের শুরুর দিকে ইসলমাবাদ প্রশাসনকে তা জানাতে বলা হয়।
এরপর চলতি মাসে সন্ত্রাসীদের কাছে অর্থ সরবরাহ বন্ধে তারা কী ব্যবস্থা করছে সে সম্পর্কে এই রিপোর্ট প্রকাশ করে পাকিস্তান সরকার।
প্রসঙ্গত, সারা বিশ্বে আর্থিক অপরাধ দমনে নীতি তৈরি ও তা কার্যকর করে এফএটিএফ। এই সংস্থাকে দেয়া চিঠিতে পাকিস্তান বলেছে, গত কয়েক বছরে তারা হাফিজ সাইদ, মাসুদ আজহার ও দাউদ ইব্রাহিমের ওপর আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে তাদের সম্পত্তি ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট।
তবে ভারত বলছে, গত তিন দশকের দাবি এতদিন উপেক্ষা করে এসেছে ইসলামাবাদ। কিন্তুএফএটিএফের চাপে পড়ে অবশেষে সব স্বীকার করতে বাধ্য হয়েছে পাকিস্তান।
টাইমস/এসএন