আজ সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী
ছবি: সংগৃহীত
০৯:২৫ এএম | ১৪ জুলাই, ২০২৬
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের ১৪ জুলাই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
দিনটি উপলক্ষে জাতীয় পার্টি ও এর সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৬টায় রংপুর নগরীর সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিত করা হবে। এ ছাড়া সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে মাইকযোগে পবিত্র কোরআন তেলাওয়াত এবং এরশাদের বিভিন্ন সময়ের ভাষণ প্রচার করা হবে। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়েও তার স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
সকাল ১১টায় রংপুর নগরীর দর্শনায় অবস্থিত পল্লী নিবাসে এরশাদের সমাধিস্থলে কোরআন তেলাওয়াত, কবর জিয়ারত, দোয়া মাহফিল ও স্মরণসভার আয়োজন করা হয়েছে। এতে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি অবিভক্ত ভারতের কোচবিহার জেলার দিনহাটায় জন্মগ্রহণ করেন হুসেইন মুহম্মদ এরশাদ। পরে তিনি পরিবারের সঙ্গে রংপুরে চলে আসেন।
হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত রাষ্ট্রক্ষমতায় ছিলেন। ১৯৮৬ সালে তিনি জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেন।
এমআই/এসএন