ছয় দিনের বৃষ্টি শেষে দেখা মিললো রোদের, দুপুরেই ফের বৃষ্টির পূর্বাভাস
ছবি: সংগৃহীত
১১:১৮ এএম | ১৪ জুলাই, ২০২৬
টানা ছয় দিনের বৃষ্টির পর অবশেষে রাজধানী ঢাকায় দেখা মিলেছে রোদের। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে আকাশ আংশিক মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘ সরে সূর্যের আলো ছড়িয়ে পড়ে। তবে রোদের সঙ্গে গরমও কিছুটা বেড়েছে।
যদিও এই স্বস্তি দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা নেই। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুপুরের মধ্যেই ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে।
এদিকে কয়েক দিনের টানা বর্ষণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। প্রধান সড়কগুলোর বেশিরভাগ স্থান থেকে পানি নেমে গেলেও অনেক অলিগলি ও নিচু এলাকায় এখনো পানি জমে রয়েছে। এতে কিছুটা ভোগান্তি থাকলেও সকাল থেকে বৃষ্টি না থাকায় স্বস্তিতে চলাচল করছেন নগরবাসী।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দুপুর পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি।
এসএন