পিপিই নিয়ে দুর্নীতি হত্যাকান্ডের মতই গুরুতর -বিশ্ব স্বাস্থ্য সংস্থা
ফাইল ছবি
পিপিই ক্রয় নিয়ে দুর্নীতি হত্যাকান্ডের শামিল বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়াসুস। তিনি বলেছেন, স্বাস্থ্যকর্মীরা যদি পিপিই ছাড়া কাজ করে তবে সেটি তাদের জীবনের জন্য যেমন ঝুঁকি, তেমনি সেবাগ্রহীতাদেরও জন্যও ঝুঁকি।
সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তেদ্রোস। তিনি আরও বলেন, মহামারীর এই কঠিন সময়ে এ ধরনের দুর্নীতি গুরুতর অপরাধ।
এদিকে সম্প্রতি এক প্রতিবেদনে মাস্ক পরা নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। দুই সংস্থা বলছে, ১২ বছর বয়স থেকে বড়দের মতো শিশুদেরও মাস্ক পরা উচিত।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, ১২ বছর বা তার বেশি বয়সী শিশুদের অবশ্যই মাস্ক পরতে হবে। প্রাপ্তবয়স্কদের যেমন সংক্রমণের ঝুঁকি আছে, তেমনি শিশুদের ক্ষেত্রেও এ ঝুঁকি কম নয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউনিসেফ আরও জানিয়েছে, নিরাপত্তা এবং অন্যান্য বিষয় বিবেচনা করে ৫ বছর বা তার কম বয়সের শিশুদের মাস্ক বাধ্যতামূলক করা হয়নি।
তবে দুই সংস্থাই বলছে, অপেক্ষাকৃত ছোট শিশুদের চেয়ে তুলনামূলক বয়সে বড় শিশুরা করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করছে। তবে শিশুদের করোনা সংক্রমণ ছড়ানোর বিষয়ে পরিষ্কারভাবে বুঝতে আরও তথ্যের প্রয়োজন বলে জানানো হয়েছে।
টাইমস/এসএন