মেসির কোলে থাকা ৫ মাসের শিশুই আজ স্পেনের সবচেয়ে বড় ভরসা
ছবি: সংগৃহীত
১২:৩৭ পিএম | ১৫ জুলাই, ২০২৬
২০০৭ সালের ডিসেম্বরে বার্সেলোনার ঐতিহ্যবাহী ক্যাম্প ন্যু স্টেডিয়ামে তোলা একটি ছবি আজ ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত মুহূর্ত। ছবিতে দেখা যায়, বার্সেলোনার তরুণ তারকা লিওনেল মেসি একটি ছোট্ট শিশুকে কোলে নিয়ে গোসল করাচ্ছেন। সেই পাঁচ মাস বয়সী শিশুটিই আজ স্পেনের উদীয়মান সুপারস্টার লামিন ইয়ামাল।
ছবিটি তোলা হয়েছিল ইউনিসেফ এবং কাতালুনিয়ার স্থানীয় সংবাদপত্র দিওয়ারিও স্পোর্ত আয়োজিত একটি চ্যারিটি ক্যালেন্ডারের জন্য। লটারিতে বিজয়ী হয়েছিল কাতালুনিয়ার মাতারো অঞ্চলের একটি সাধারণ পরিবার। পুরস্কার হিসেবে তাদের শিশুর সঙ্গে ছবি তোলার সুযোগ পান তৎকালীন ২০ বছর বয়সী মেসি।
আলোকচিত্রী জোয়ান মনফোর্ট পরে জানান, লাজুক স্বভাবের মেসি শুরুতে শিশুটিকে কীভাবে কোলে নেবেন, তা বুঝতে পারছিলেন না। পরে ইয়ামালের মা শেইলা এবানা তাকে সাহায্য করেন। এরপরই ক্যামেরাবন্দি হয় সেই ঐতিহাসিক মুহূর্ত।
দীর্ঘ ১৭ বছর ছবিগুলো প্রকাশ করেননি ইয়ামালের বাবা। তার আশঙ্কা ছিল, ছোটবেলা থেকেই মেসির সঙ্গে তুলনা শুরু হলে ছেলের ওপর অপ্রয়োজনীয় মানসিক চাপ তৈরি হতে পারে। শেষ পর্যন্ত ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপ চলাকালে ছবিগুলো সামাজিক মাধ্যমে প্রকাশ করা হলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
বর্তমানে লামিন ইয়ামাল স্পেন জাতীয় দলের অন্যতম বড় ভরসা। অল্প বয়সেই দুর্দান্ত পারফরম্যান্সে বিশ্ব ফুটবলে নিজের জায়গা তৈরি করেছেন তিনি। আর সেই কারণেই ২০০৭ সালের ছবিটি এখন শুধু একটি স্মৃতি নয়, ফুটবল ইতিহাসের সবচেয়ে প্রতীকী ছবিগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।
ছবিটি ঘিরে ভক্তদের মধ্যেও নানা মজার মন্তব্য দেখা যায়। অনেকেই রসিকতা করে বলেন, "মেসি যেন নিজের অজান্তেই ফুটবলের জাদু ছোট্ট ইয়ামালের হাতে তুলে দিয়েছিলেন।" যদিও এটি নিছকই ভক্তদের আবেগঘন কল্পনা, তবু ছবিটির ঐতিহাসিক গুরুত্ব নিয়ে কোনো সন্দেহ নেই।
এসএন