© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাবার কাছে ইংল্যান্ড ম্যাচ কখনোই সাধারণ ছিল না: ম্যারাডোনা জুনিয়র

শেয়ার করুন:
বাবার কাছে ইংল্যান্ড ম্যাচ কখনোই সাধারণ ছিল না: ম্যারাডোনা জুনিয়র

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১৪ পিএম | ১৫ জুলাই, ২০২৬
আর্জেন্টিনা-ইংল্যান্ড বিশ্বকাপ সেমিফাইনালকে ঘিরে আবেগঘন মন্তব্য করেছেন দিয়েগো ম্যারাডোনার ছেলে ম্যারাডোনা জুনিয়র। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, তার বাবা দিয়েগো ম্যারাডোনার কাছে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ কখনোই আর দশটা ম্যাচের মতো ছিল না।

ম্যারাডোনা জুনিয়র বলেন, ‘এটি কখনোই স্বাভাবিক একটি ম্যাচ হবে না। এবারও আমাদের জাতীয় দলের জন্য কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। ইংল্যান্ড দারুণ খেলছে, কিন্তু তাদেরও বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি হতে হবে। ম্যাচটি কঠিন হবে- দুই দলের জন্যই।’

তিনি আরও বলেন, ‘আমার বাবা কখনোই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচকে সাধারণভাবে দেখতেন না। আর্জেন্টাইন ও ম্যারাডোনা-ভক্তদের জন্য এই ম্যাচ সবসময়ই আলাদা। এটি ফকল্যান্ড যুদ্ধের স্মৃতি, সেখানে প্রাণ হারানো আমাদের ভাইদের কথা এবং ১৯৮৬ সালে বাবার সেই ঐতিহাসিক পারফরম্যান্সকে মনে করিয়ে দেয়। বাবা ইংল্যান্ডের বিপক্ষে ইতিহাস গড়েছিলেন, তারপর থেকে তাদের বিপক্ষে কোনো ম্যাচই আর স্বাভাবিক নয়।’



১৯৮৬ সালের বিশ্বকাপে আর্জেন্টিনা-ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালের সময় ম্যারাডোনা জুনিয়রের জন্মই হয়নি। তিনি জন্ম নেন ওই বছরের সেপ্টেম্বরে। তবে বাবার মুখে সেই ম্যাচের অসংখ্য গল্প শুনে বড় হয়েছেন বলে জানান তিনি।

বর্তমান আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি সম্পর্কেও উচ্ছ্বাস প্রকাশ করেন ম্যারাডোনা জুনিয়র। তিনি বলেন, ‘মেসির সঙ্গে আমার কখনো দেখা হয়নি, কিন্তু সব আর্জেন্টাইনদের মতো তাকেও আমি হৃদয়ে ধারণ করি। সে আরেকটি শিরোপা জয়ের যোগ্য। আমার বাবা সবার ঊর্ধ্বে- তিনি ছিলেন ফুটবলের ভিনগ্রহের মানুষ। আর মেসি মানুষের মধ্যে সেরা। আমি মেসি ও তার পরিবারের প্রতি অনেক শ্রদ্ধা ও ভালোবাসা রাখি। আশা করি ঈশ্বর তাকে আরেকটি বিশ্বকাপ ফাইনাল খেলার এবং সেটি জয়ের সুযোগ দেবেন।’

আর্জেন্টিনা ও ইংল্যান্ডের বহুল প্রতীক্ষিত সেমিফাইনালের আগে ম্যারাডোনা জুনিয়রের এই মন্তব্য দুই দেশের ঐতিহাসিক ফুটবল প্রতিদ্বন্দ্বিতার আবেগকে আরও একবার সামনে নিয়ে এসেছে।

কেএন/এসএন

মন্তব্য করুন