প্রধানমন্ত্রীর শোকবার্তা কাতারের আমিরের কাছে পৌঁছে দিলেন স্পিকার
ছবি: সংগৃহীত
০৭:৩৭ পিএম | ১৫ জুলাই, ২০২৬
কাতারের সাবেক আমির ও বর্তমান আমিরের পিতা শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা হস্তান্তর করেন।
লুসাইল আমিরি প্রাসাদে আয়োজিত রাষ্ট্রীয় শোকবার্তা গ্রহণ অনুষ্ঠানে স্পিকার কাতারের আমিরের কাছে শেখ শোকবার্তা হস্তান্তর করেছে বলে বুধবার (১৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে দোহার বাংলাদেশ দূতাবাস।
স্পিকার আমির এবং শোকসন্তপ্ত রাজপরিবারের সদস্যদের প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন এবং প্রয়াত আমিরের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
আধুনিক কাতারের স্থপতি হিসেবে খ্যাত প্রয়াত আমিরের দূরদর্শী নেতৃত্ব এবং বাংলাদেশ–কাতার ভ্রাতৃপ্রতিম সম্পর্কের ভিত্তি সুদৃঢ়করণে তার অনন্য অবদানের কথা মাননীয় স্পিকার গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
এ সময় মাননীয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও বিশেষ দূত হুমায়ুন কবির এবং কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।
শোকবার্তা হস্তান্তরের পর স্পিকার কাতারের শুরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল-গানিমের সঙ্গে সাক্ষাৎ করেন।
কাতারের সাবেক আমির ও বর্তমান আমিরের পিতার মৃত্যুতে বাংলাদেশের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানাতে স্পিকার সংক্ষিপ্ত সরকারি সফরে মঙ্গলবার দুপুরে দোহায় পৌঁছান।
সফরকালে স্পিকার আজ বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন। সন্ধ্যায় তিনি দোহা ত্যাগ করবেন এবং বুধবার সকালে তার দেশে ফেরার কথা রয়েছে।
টিকে/