প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শাহনাজ
ছবি: সংগৃহীত
১২:৪৩ পিএম | ১৬ জুলাই, ২০২৬
বলিউডে গত কয়েক মাস ধরেই জোর গুঞ্জন অভিনেতা রাঘব জুয়ালের সঙ্গে নাকি সম্পর্কে রয়েছেন অভিনেত্রী ও পাঞ্জাবি গায়িকা শাহনাজ গিল। বিশেষ করে সম্প্রতি রাঘবের জন্মদিনের পার্টিতে শাহনাজের উপস্থিতির পর সেই আলোচনা আরও জোরালো হয়ে ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক চর্চা।
অবশেষে এ নিয়ে মুখ খুলেছেন শাহনাজ গিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাঘবের সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে, তিনি সরাসরি কোনো উত্তর না দিয়ে বলেন, "দয়া করে ব্যক্তিগত প্রশ্ন করবেন না।" এরপরই কথার প্রসঙ্গ ঘুরিয়ে তিনি রাঘবের আসন্ন সিনেমা ‘ভাই তেরা স্টার হ্যায়’এর প্রচার শুরু করেন।

শাহনাজ বলেন, "ও আমার খুব ভালো বন্ধু। ওর নতুন সিনেমাটা সবাই দেখবেন এবং ওর পাশে থাকবেন।" তিনি আরও জানান, রাঘব নিজের যোগ্যতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিয়েছেন। কোনো চলচ্চিত্র পরিবারের সদস্য না হয়েও তিনি আজকের অবস্থানে পৌঁছেছেন। তাই নতুন সিনেমার জন্য দর্শকদের সমর্থন চেয়েছেন শাহনাজ।
এদিকে, সম্প্রতি একটি ভাইরাল ভিডিও ঘিরেও দুজনের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। যদিও সেই ভিডিওর সত্যতা এখনো নিশ্চিত করা যায়নি। ফলে গুঞ্জন যতই বাড়ুক, সম্পর্কের বিষয়টি নিয়ে স্পষ্ট কোনো মন্তব্য করেননি শাহনাজ।
উল্লেখ্য, ‘বিগ বস ১৩’ থেকে ব্যাপক জনপ্রিয়তা পান শাহনাজ গিল। সেই সময় প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক নিয়েও ব্যাপক আলোচনা ছিল। এরপর দীর্ঘদিন ব্যক্তিগত জীবন নিয়ে নীরব থাকলেও, এখন রাঘব জুয়ালকে ঘিরে নতুন করে শুরু হয়েছে জল্পনা। তবে শাহনাজের বক্তব্যে পরিষ্কার, আপাতত তিনি ব্যক্তিগত সম্পর্ক নয়, বন্ধুর নতুন সিনেমার সাফল্য নিয়েই কথা বলতে চান।
আরআই/ এসএন