ঘুমের মধ্যেই মারা গেলেন জনপ্রিয় অভিনেতা অনুজ
ছবি: সংগৃহীত
০৯:০৯ পিএম | ০২ নভেম্বর, ২০২৬
ঘুমের মধ্যে মারা গেছেন ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেতা অনুজ ঠাকুর। গত ২৭ অক্টোবর রাতে ঘুমাতে যাওয়ার পর আর জেগে ওঠেননি তিনি।
পরিবারের বরাত দিয়ে জানা গেছে, ঘুমের মধ্যে খিঁচুনি হওয়ার কারণে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল মাত্র ৩৩ বছর। গত ৩০ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন এক পোস্টের মাধ্যমে অনুজের মৃত্যুর খবর জানান তার বন্ধু ও সহকর্মী রূপেশ সোনার। বন্ধুকে হারিয়ে শোক প্রকাশ করে রূপেশ লেখেন, ‘এখনো বিশ্বাস করতে পারছি না যে, তুমি আর আমাদের মধ্যে নেই।
তুমি শুধু আমার বন্ধু ছিলে না, আমার ছোটভাইয়ের মতো ছিলে। জীবন সত্যিই অনিশ্চিত। এত তাড়াতাড়ি তুমি চলে গেলে, এটা মেনে নেওয়া ভীষণ কঠিন।’
রূপেশ ও অনুজের বন্ধুত্ব ছিল প্রায় ১৭ বছরের।
২০০৮ সালে ‘বন্ধন সাত জন্ম কা’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের পরিচয়। পরে আরও বেশ কয়েকটি ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করেছেন তারা। বন্ধুর আকস্মিক মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন রূপেশ। তিনি জানান, অনুজের মৃত্যুর মাত্র ১০ দিন আগেও তাদের দেখা হয়েছিল।
সংবাদমাধ্যমকে রূপেশ বলেন, ‘খবরটা শুনে বিশ্বাস করতে পারিনি।
রাতে ঘুমাতে গেল, আর সকালে উঠল না। কী হতে পারে, কিছুতেই বুঝতে পারছিলাম না।’ পরে অনুজের বাড়িতে গিয়ে তার মা ও ভাইয়ের সঙ্গে দেখা করেন রূপেশ। সেখান থেকেই বন্ধুর মৃত্যুর কারণ জানতে পারেন তিনি।
রূপেশের ভাষ্য অনুযায়ী, প্রতিদিন ভোর সাড়ে চারটার মধ্যে ঘুম থেকে উঠে শরীরচর্চা ও দৌড়ানোর অভ্যাস ছিল অনুজের। ঘটনার দিনও ভোর সাড়ে চারটায় তার অ্যালার্ম বেজে ওঠে। ছেলের ঘুম না ভাঙায় সন্দেহ হয় মায়ের। এরপর তাকে ডাকতে গিয়ে ছেলের নিথর দেহ দেখতে পান তিনি।
‘ধুম মাচাও ধুম’, ‘বন্ধন সাত জানম কা’ ও ‘মহিসাগর’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছিলেন অনুজ ঠাকুর। মাত্র ৩৩ বছর বয়সে তার এমন আকস্মিক বিদায় শোকাহত করেছে সহকর্মী ও অনুরাগীদের।
এসএ/