সাজাপ্রাপ্ত আসামি শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৪:৩৯ পিএম | ১৬ জুলাই, ২০২৬
সাজাপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে সরকার শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে বন্দি চুক্তি অনুসারে অন্তর্বর্তী সরকারের সময়ও পত্র দেওয়া হয়েছে ভারত সরকারকে। এরপর আমরা তাগাদাও দিয়েছি।
আমরা তো তাকে ফেরত চাই এবং চাই বিচারের মুখোমুখি হোক।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইতিমধ্যে যেহেতু তিনি (শেখ হাসিনা) সাজাপ্রাপ্ত হয়েছেন, আদালতে তার আত্মসমর্পণের সুযোগ আছে কি না, সেটা আইনজ্ঞরা বলবেন। তবে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে এবং রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে।
দেশের বাইরে গ্রেপ্তার বাংলাদেশে ওয়ারেন্টভুক্ত আসামিদের ফেরত আনতে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, সরকারকে বিব্রত করতেই কিছু শিক্ষার্থীকে ব্যবহার করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে একটি মহল।
চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরের দিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরিকল্পনা রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
টিকে/