কলকাতা বিমানবন্দরে ১৩৬ বছরের পুরোনো মসজিদে প্রবেশে বাধা
ছবি: সংগৃহীত
১২:৩২ পিএম | ১৭ জুলাই, ২০২৬
ভারতের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের সেকেন্ডারি রানওয়ের খুব কাছেই রয়েছে ১৩৬ বছরের পুরোনো বাঁকড়া মসজিদ। বিমানবন্দর চত্বরে থাকা মসজিদটি ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। এতদিন বিমানবন্দরের ৭ নম্বর গেট দিয়ে ঢুকে সেখানে নমাজ পড়া যেত। এখন সেই পথ বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বাঁকড়া মসজিদ কর্তৃপক্ষ। এর প্রতিবাদে শুক্রবার রাস্তায় বসে জুমার নমাজ পড়ার ডাক দিয়েছেন স্থানীয় নেতা সিদ্দিকুল্লা চৌধুরী।
বিজেপির দাবির বরাতে দ্য টাইমস অব ইন্ডিয়া ও এবিপি আনন্দের খবরে বলা হয়, এয়ারপোর্ট চত্বরে থাকা এই মসজিদের কারণেই পরিকাঠামোগত সম্প্রসারণ করা যাচ্ছে না। নতুন বিজেপি সরকারের আমলে মসজিদ স্থানান্তরের লক্ষ্যে প্রাথমিক পদক্ষেপ করা হয়েছে। সুরক্ষার খাতিরে আপাতত বন্ধ করা হয়েছে বিমানবন্দর চত্বরে থাকা ওই মসজিদে গিয়ে নমাজ পড়ার রীতি।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, জাতীয় সুরক্ষা এবং বিমানবন্দরের নিরাপত্তা আগে দেখতে হবে। এই বিমানবন্দরের লোকেশন খুব গুরুত্বপূর্ণ নিরাপত্তার ক্ষেত্রে। চীন-বাংলাদেশ সব কাছে। এটা আন্তর্জাতিক বিমানবন্দর। এখানে এভাবে খুলে রাখা যায় না। আমরা তো ধর্ম পালনে কাউকে বাধা দিইনি।
প্রাক্তন তৃণমূল বিধায়ক ও বাঁকড়া মসজিদ কমিটির সভাপতি সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, এয়ারপোর্ট অথরিটির সিগনেচার, অল আর রেকর্ডেড। অথরিটিকে আবার চিঠি দেব, আপনারা বাড়াবাড়ি করবেন না। নমাজ চলুক। ১ কোটি বাংলার মুসলমানকে অনুরোধ করছি, যদি মসজিদ জোর করে ভাঙে বাংলার ৪ কোটি মুসলমান প্রতিবাদ করবে।
দমদম উত্তরের বিজেপি বিধায়ক সৌরভ শিকদার বলেন, সিদ্দিকুল্লা চৌধুরী ধর্মের নামে এক নোংরা খেলায় মেতেছেন। তিনি নাকি শুক্রবার ১ লাখ লোক নিয়ে রাস্তায় নামবেন, জোর করে নামাজ পড়তে যাবেন। দয়া করে কেউ আইনকে নিজের হাতে নেবেন না।
এসএন