© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এতিমখানার চাল আত্মসাততদন্তে কমিটি, ক্ষমা চেয়ে টাকা ফেরত দিলেন যুবদল নেতা

শেয়ার করুন:
তদন্তে কমিটি, ক্ষমা চেয়ে টাকা ফেরত দিলেন যুবদল নেতা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৯ পিএম | ১৭ জুলাই, ২০২৬
চাঁদপুরের মতলব উত্তরে এতিমখানার জন্য সরকারি বরাদ্দের চাল আত্মসাতের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে সংশ্লিষ্ট প্রশাসন। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। টাকা ফেরত দিয়েছেন অভিযুক্ত যুবদল নেতা।

একাধিক এতিমখানা কর্তৃপক্ষের দাবি, উপজেলার বিভিন্ন এতিমখানায় গিয়ে দায় স্বীকার ও ক্ষমা চেয়ে ১০-১২ হাজার টাকা করে পৌঁছে দিয়েছেন অভিযুক্ত উপজেলা যুবদল নেতা মনির হোসেন মোল্লা।

বিভিন্ন এতিমখানার দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে জানা যায়, সরকারি বরাদ্দ অনুযায়ী এক টন (এক হাজার কেজি) চাল পাওয়ার কথা থাকলেও কোনো প্রতিষ্ঠানকে ৫০০ কেজি, কোনোটিতে ৬০০ কেজি চাল দেওয়া হয়। চালের পরিবর্তে কাউকে ১৫ হাজার, কাউকে ১৭ হাজার টাকা দিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়। তবে সংবাদ প্রকাশের পর অভিযুক্ত ব্যক্তি আবারও ১০-১২ হাজার টাকা করে ফেরত দিতে বাধ্য হয়েছেন বলে দাবি করেন তারা।  

উপজেলার সাড়ে পাঁচানী হোসাইনীয়া এতিমখানার সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নুরুল আমীন মাস্টার বলেন, ‘এতিমদের কথা বলে সংশ্লিষ্টদের কাছে বহুবার অনুরোধ করেও কোনো ফল পাইনি। কিন্তু সংবাদ প্রকাশের পর দ্রুত তারা এসে অতিরিক্ত ১০-১২ হাজার টাকা দিয়ে গেছেন। এজন্য সাংবাদিকদের ধন্যবাদ জানাই।’

কলাকান্দা ইউনিয়নের সাতানী নেদায়ে ইসলাম আশেকী মনজুর হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা-সভাপতি বাহাউদ্দিন বলেন, ‘আমাদের এক টন চাল পাওয়ার কথা থাকলেও প্রথমে ১৫ হাজার টাকা দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল আর কিছু দেওয়া হবে না। পরে সংবাদ প্রকাশের পর আরও ১৫ হাজার টাকা দেওয়া হয়েছে। এতে এতিমদের উপকার হবে।’

উপজেলার ২০টিরও বেশি এতিমখানায় গিয়ে টাকা ফেরত দেওয়ার ভিডিওচিত্র থাকার বিষয়টি জানানো হয় অভিযুক্ত যুবদল নেতা মনির হোসেন মোল্লাকে। তারপরও তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না।’

চাল বিতরণ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি জানান, বিষয়টি তদন্তে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হচ্ছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

এমআর/টিকে 

মন্তব্য করুন