© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খাগড়াছড়িতে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

শেয়ার করুন:
খাগড়াছড়িতে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩১ এএম | ১৮ জুলাই, ২০২৬
খাগড়াছড়ি পৌরসভার উত্তর সবুজবাগ এলাকার রসুলপুরে একটি টিলা থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে মো. শাহজাহান নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৫টার দিকে পরিচালিত অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ওই ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন খাগড়াছড়ি সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাবীন।

দণ্ড পাওয়া মো. শাহজাহান উত্তর সবুজবাগ এলাকার বাসিন্দা।

খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া সুলতানা জানান, ঘটনাস্থলে গিয়ে দেখা যায় সেখানে আগে থেকেই একটি রাস্তা ছিল। তবে অভিযুক্ত ব্যক্তি নিজ উদ্যোগে টিলার আরও একটি অংশ কেটে ফেলেন, যা আইন লঙ্ঘনের শামিল। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে জরিমানা করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বর্ষাকাল চলমান থাকলেও এক শ্রেণির দুর্বৃত্ত অবৈধভাবে পাহাড় ও টিলা কেটে চলেছে। সম্প্রতি টানা বৃষ্টিপাতের কারণে জেলার বিভিন্ন স্থানে একাধিক পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এরপরও পাহাড় কাটার মতো ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড বন্ধ না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে পাহাড় ও টিলা কাটা রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

একেএস/টিএ

মন্তব্য করুন