বিয়ের ঘোষণা দিয়ে বিপাকে পরীমণি, ‘এত সিরিয়াস প্রস্তাব আসছে, কী করব বুঝতে পারছি না’
ছবি: সংগৃহীত
০৮:৩৫ পিএম | ১৯ জুলাই, ২০২৬
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবারও বিয়ে করবেন—সেমিফাইনালের সময় দেওয়া এমন একটি মন্তব্যের পর অপ্রত্যাশিত পরিস্থিতিতে পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। মজার ছলে দেওয়া সেই ঘোষণাকে অনেকেই সিরিয়াসভাবে নেওয়ায় এখন বিয়ের প্রস্তাব সামলাতেই হিমশিম খাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি এ বিষয়ে পরীমণি বলেন, ‘আমি তো এর আগে ঘোষণা দিয়ে বিয়ে করিনি। প্রেম করেছি, তারপর হুট করে বিয়ে করেছি। এবার বিয়ের ঘোষণা দিয়েই মসিবতে পড়ে গেলাম। ভাবিনি, সবাই এত সিরিয়াসলি নেবে। এত এত সিরিয়াস বিয়ের প্রস্তাব আসছে, কিছুই বুঝতে পারছি না, কী করব।’
তবে এখনই নতুন করে সংসার বাঁধার কোনো পরিকল্পনা নেই বলেও ইঙ্গিত দিয়েছেন এই অভিনেত্রী। তার ভাষায়, ‘বিয়ের জন্য তো একজন অভিভাবক লাগে। এখন তো ওই পর্যায়ের কেউই নেই। ভাবছি, ছেলে বড় হোক, ছেলে বিয়ে করুক। এরপর কিংবা তার আগেই যদি ছেলে আমার অভিভাবক হয়ে বিয়ে দেয়, তখনই বিয়ে করতে পারব।’
পরীমণির এই বক্তব্য থেকে স্পষ্ট, আর্জেন্টিনা শিরোপা জিতলেও সঙ্গে সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন না তিনি।
ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আলোচনায় থেকেছেন পরীমণি। একাধিক বিয়ে ও বিচ্ছেদের ঘটনা নিয়ে বিভিন্ন সময়ে সংবাদ শিরোনাম হয়েছেন তিনি। সর্বশেষ ২০২১ সালে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন। তাদের সংসারে শাহীম মুহাম্মদ পুণ্য নামে একটি ছেলে সন্তান রয়েছে। তবে দাম্পত্য টানাপোড়েনের পর ২০২৩ সালের সেপ্টেম্বরে তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়।
এসএন