সাহসী ফটোশুটে এবার আলোচনায় নিদ্রা নেহা
ছবি: সংগৃহীত
০৫:৩৬ পিএম | ২০ জুলাই, ২০২৬
অল্প সময়েই দর্শকের নজর কেড়েছেন তরুণ অভিনেত্রী নিদ্রা নেহা। বিজ্ঞাপনচিত্র দিয়ে ক্যারিয়ার শুরু হয় তার। ওটিটিতে কাজ করে এগিয়েছেন সামনে। কাজের সংখ্যা বেশি নয়, কিন্তু প্রতিটি কাজেই নিজের উপস্থিতি জানান দিয়েছেন। অনেক দিন পর খোলামেলা ছবি পোস্ট করে নতুন করে নজর টানলেন এই তরুণী। শোনা যাচ্ছে ক্যামেরার সামনে থেকে এবার পেছনে গিয়ে দাঁড়াচ্ছেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন নিদ্রা নেহা। ছবিগুলো প্রকাশের পরপরই নেটদুনিয়ায় শুরু হয় আলোচনা। অনেকেই তার নতুন লুককে সাহসী, আত্মবিশ্বাসী এবং নান্দনিক বলে মন্তব্য করছেন।

ফটোশুটে দেখা যায়, বেডের পাশে থাকা বড় জানালা দিয়ে আসা প্রাকৃতিক আলোকে দারুণভাবে কাজে লাগানো হয়েছে। বাইরে থেকে আসা সকালের নরম রোদ নিদ্রার মুখ ও শরীরে পড়ে ছবিগুলোকে দিয়েছে আলাদা মাত্রা। আলো-ছায়ার এই খেলায় অভিনেত্রীর উপস্থিতি হয়ে উঠেছে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয়।

ক্যামেরার সামনে প্রতিটি ফ্রেমেই ছিলেন স্বতঃস্ফূর্ত। কখনও মৃদু হাসি, কখনও গভীর দৃষ্টি, আবার কখনও নীরব অভিব্যক্তিতে ধরা দিয়েছেন তিনি। ছবিগুলোর একটি বিশেষভাবে নজর কেড়েছে ভক্তদের। সেখানে তার উন্মুক্ত পিঠে আঁকা লম্বালম্বি নান্দনিক ট্যাটুটি স্পষ্টভাবে ফুটে উঠেছে, যা পুরো ফটোশুটে একটি ভিন্নমাত্রার শিল্পসৌন্দর্য যোগ করেছে।

ছবিগুলোর সঙ্গে দেওয়া ক্যাপশনেও ছিল কাব্যিক আবহ। নিদ্রা লিখেছেন, ‘যেখানে আলো থমকে দাঁড়ায়, আমি ভাষা হয়ে উঠি।’ আলোর ব্যবহার, পোশাক, অভিব্যক্তি ও ফ্রেমিং সব মিলিয়ে এটি কেবল একটি গ্ল্যামার ফটোশুট নয়, বরং নান্দনিকতার একটি শিল্পিত উপস্থাপনা বলেই মনে করছেন অনেকেই।

ছবি প্রকাশের পর তার কমেন্ট সেকশন ভরে যায় ভক্তদের প্রশংসায়। কেউ লিখেছেন, ‘অসাধারণ লুক’, কেউ বলেছেন, ‘এটাই আপনার সেরা ফটোশুট।’ আবার অনেকেই তার আত্মবিশ্বাসী উপস্থিতি এবং ফ্যাশন সেন্সের প্রশংসা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিনোদন অঙ্গনের অনেকের নজর কাড়ে।

২০২০ সালের মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতার সেরা দশে জায়গা করে নেওয়া নিদ্রা নেহা শুরু থেকেই মডেলিংয়ের মাধ্যমে নিজেকে পরিচিত করে তুলেছিলেন। এরপর ধীরে ধীরে অভিনয়ে মনোযোগ দেন। ওয়েব ফিল্ম ‘আন্তঃনগর’ দিয়ে অভিনয়ে অভিষেকের পর দর্শক-সমালোচকদের নজরে আসেন তিনি।
এ ছাড়া ‘আধুনিক বাংলা হোটেল’ ও ‘শরতের জবা’র মতো আলোচিত ওয়েব সিরিজে অভিনয় করে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন। বর্তমানে নিদ্রার হাতে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ সিনেমার কাজ। সত্তরের দশকের প্রেক্ষাপটে প্রেম ও আবেগের গল্প নিয়ে নির্মিত একটি সিনেমা চলতি বছর মুক্তির অপেক্ষায় রয়েছে। পাশাপাশি ফাখরুল আরেফীন খান পরিচালিত ‘নীল জোছনা’ সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। এ ছবিতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন ভারতীয় অভিনেত্রী পাওলি দাম। নিদ্রা জানিয়েছেন, খুব শিগগিরই সিনেমাটির একটি গান প্রকাশ পাবে।
নিদ্রা জানিয়েছেন, চলতি বছর একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা রয়েছে তার। পাশাপাশি আগামী বছর পরিচালনা বিষয়ে উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাওয়ারও ইচ্ছা রয়েছে।
এসএন