© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জনপ্রিয় আফগান অভিনেত্রী সাবা সাহারের ওপর হামলা : গুলিবিদ্ধ ৩

শেয়ার করুন:
জনপ্রিয় আফগান অভিনেত্রী সাবা সাহারের ওপর হামলা : গুলিবিদ্ধ ৩
international-desk
১০:৪৭ এএম | ২৬ আগস্ট, ২০২০

আফগানিস্তানের প্রখ্যাত অভিনেত্রী ও প্রথম নারী চলচ্চিত্র পরিচালক সাবা সাহারের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন অভিনেত্রী সাবা সাহারসহ আরও তিনজন।

মঙ্গলবার আফগানিস্তানের রাজধানী কাবুলের পশ্চিমাঞ্চলীয় একটি এলাকায় অজ্ঞাত বন্দুকধারীরা সাবা সাহারের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করেন। এসময় সাবা সাহারসহ তার তিন দেহরক্ষী গুলিবিদ্ধ হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে সাবা সাহারের স্বামী ইমাল জাকি বলেন, মঙ্গলবার অন্যান্য দিনের মতো কাজের উদ্দেশে বাড়ি থেকে বেরিয়ে যান সাবা। এর ৫ মিনিট পরেই হামলার কবলে পড়েন এই অভিনেত্রী। হামলা চলাকালে গাড়ির ভিতর থেকেই স্বামীকে ফোন করে সবকিছু খুলে বলেন সাবা সাহার। হামলার সময় সাবার গাড়িতে এক শিশুসহ পাঁচজন ছিলেন।

এখন পর্যন্ত সাবা সাহারের ওপর হামলার দায় কোনো পক্ষ স্বীকার করেনি। তবে অধিকাংশ নিরাপত্তা বিশ্লেষক ধারণা করছেন, দেশটিতে সক্রিয় কোনো সশস্ত্রগোষ্ঠী এই হামলার সঙ্গে জড়িত।

প্রসঙ্গত, সাবা সাহার আফগানিস্তানের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম। তিনি দেশটির প্রথম নারী চলচ্চিত্র পরিচালক। ৪৪ বছর বয়সী সাবা দেশটিতে নারী অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে কাজ করছেন।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন