গণভোট অবৈধ হলে স্বরাষ্ট্রমন্ত্রীও অবৈধ, বিএনপি সরকারও অবৈধ: সার্জিস আলম
ছবি: সংগৃহীত
১২:২৬ এএম | ২৩ জুলাই, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, সালাহউদ্দিন আহমেদ দেশে বিদেশে যেখানেই থাকেন এই গনভোট যদি অবৈধ হয়, তাহলে আপনি স্বরাস্ট্রমন্ত্রীও অবৈধ, আপনাদের দলের বিএনপি সরকারও অবৈধ।
বুধবার (২২ জুলাই) রাতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা বানিনগর উচ্চ বিদ্যালয় মাঠে জুলাই পথযাত্রা শেষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সার্জিস আলম বলেন, আওয়ামী লীগের সময় মেগা প্রকল্পের নামে মেগা লুটপাট হয়েছে। পদ্মা সেতু প্রকল্পেই দশ হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। বিএনপিও খালখননের মেগা প্রকল্প নিয়ে লুটপাট করছে। শ্রমিক দিয়ে খাল খননের কথা বলে বিএনপির নেতাকর্মীদের এবং যারা দশ বছর আগে মারা গেছে তাদের নামও দেওয়া হয়েছে। পরে সেই খাল তারা ড্রেজার দিয়ে খনন করেছে। সেই বালু, পাথরও তারা লুটপাট করেছে। বিএনপির নেতা খেতাদের টাকা না দিলে কোনো ঠিকাদার কাজ শুরু করতে পারে না।
তিনি আরও বলেন, প্রাইমারি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি বা সদস্য হতে চাইলে বিএনপির নেতা খেতা হতে হবে। চাঁদাবাজ হোক, দুর্নীতিবাজ বা লম্পট যাই হোক, বিএনপির পদে থাকতে হবে। নয়তো সম্ভব নয়।
রাতের নির্বাচন ডামি নির্বাচন করা ডিসি এসপিরা ভেবেছিলেন আওয়ামী লীগ ক্ষমতায় এলে সচিব হবেন, উপদেষ্টা হবেন, বড় বড় পদ বাগিয়ে নেবেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে একজনেরও চাকরি নেই বলে মন্তব্য করেছেন সার্জিস আলম।
মুখ্য সংগঠক নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, হাসপাতালগুলোতে নার্স থাকলে ডাক্তার নেই, ডাক্তার থাকলে নার্স নেই। নার্স থাকলে ওষুধ নেই। এ জেলায় স্বাস্থ্য ব্যবস্থা ঠিক নেই। শিক্ষা ব্যবস্থার ঠিক নেই। জেলায় একজন মাফিয়া আছেন। তিনি সারা দেশে ত্রাণ বিতরণ করে বেড়াচ্ছেন। অথচ লালমনিরহাট জেলায় ত্রাণ নেই।
এনসিপির লালমনিরহাট জেলা কমিটির সদস্য সচিব শাহ সুলতান নাসির উদ্দিন নাহিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, এনসিপির সদস্য সচিব রংপুর ৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন।
এমআই/টিএ