© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খুলনায় রহস্যময় ঘটনা, রান্নার সময় গরুর মাংসের রং বদলে সবুজ

শেয়ার করুন:
খুলনায় রহস্যময় ঘটনা, রান্নার সময় গরুর মাংসের রং বদলে সবুজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪৭ পিএম | ২৩ জুলাই, ২০২৬
খুলনার পাইকগাছায় রান্নার সময় গরুর মাংসের রং অস্বাভাবিকভাবে পরিবর্তন হয়ে নীলচে-সবুজাভ হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে বেকারির কর্মচারীরা রান্না করা মাংসসহ কড়াই নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ও পরে থানায় যান। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

জানা গেছে, বুধবার (২৩ জুলাই) পৌর এলাকার একটি বেকারির প্রায় ২৫ জন কর্মচারী পিকনিকের আয়োজন করেন। সকালে তারা স্থানীয় একটি দোকান থেকে চার কেজি গরুর মাংস কিনে রান্না শুরু করেন। মাংস বিক্রেতা জানান, সেদিন জবাই করা মাংস শেষ হয়ে যাওয়ায় আগের দিনের ফ্রিজে সংরক্ষিত মাংস তাদের দেওয়া হয়েছিল।

বেকারির কর্মচারীদের দাবি, স্বাভাবিক নিয়মে তেল-মসলা দিয়ে রান্না শুরু করার কিছুক্ষণ পরই মাংসের লালচে রং ধীরে ধীরে নীলচে-সবুজাভ হয়ে যায়। নেড়েচেড়ে রান্না করার সঙ্গে সঙ্গে রং আরও গাঢ় হতে থাকে। বিষয়টি দেখে তারা রান্না বন্ধ করে কড়াইসহ মাংস প্রথমে বিক্রেতার কাছে নিয়ে যান। তবে সন্তোষজনক ব্যাখ্যা না পেয়ে ইউএনও কার্যালয়ে যান। সেখান থেকে থানায় যাওয়ার পরামর্শ পেয়ে রান্না করা মাংসসহ কড়াই নিয়ে থানায় উপস্থিত হন। পরে মাংসগুলো ফেলে দেওয়া হয়।

খুলনা জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, বেকারির কর্মচারীরা রান্না করা মাংসের কড়াই নিয়ে থানায় এসেছিলেন। তাদের লিখিত অভিযোগ দিতে বলা হলেও তারা কোনো অভিযোগ দেননি। কিছুক্ষণ পর তারা কড়াই নিয়ে চলে যান।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে উপজেলা পরিষদ চত্বর ও বাজার এলাকায় উৎসুক মানুষের ভিড় জমে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল হলে ঘটনাটি নিয়ে নানা আলোচনা শুরু হয়।

এসএন 

মন্তব্য করুন