স্যামসাং নিয়ে এলো 'গ্যালাক্সি ওয়াচ ৯'ঘুম থেকে রক্তচাপ—স্বাস্থ্য সামলাবে এআই প্রযুক্তি
ছবি: সংগৃহীত
১২:৪০ পিএম | ২৪ জুলাই, ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও আধুনিক সেন্সর প্রযুক্তির মেলবন্ধনে নতুন যুগের স্মার্টওয়াচ ‘গ্যালাক্সি ওয়াচ ৯’ (Galaxy Watch 9) উন্মোচন করেছে বৈশ্বিক প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। ডিভাইসটিতে শুধু ফিটনেস ট্র্যাকিং নয়, যুক্ত করা হয়েছে স্লিপ অ্যাপনিয়া শনাক্তকরণ এবং রক্তচাপ মনিটরিংয়ের মতো জটিল স্বাস্থ্য সমস্যা আগেই আঁচ করার উন্নত সব ফিচার।



স্যামসাংয়ের অফিসিয়াল ঘোষণা অনুযায়ী, নতুন এই স্মার্টওয়াচটি অভ্যন্তরীণভাবে সম্পূর্ণ রি-ইঞ্জিনিয়ারড বা পুনর্নির্মাণ করা হয়েছে, যাতে ব্যবহারকারীর স্বাস্থ্য সংক্রান্ত বায়োমেট্রিক তথ্য আরও নিখুঁতভাবে বিশ্লেষণ করা যায়।

গ্যালাক্সি ওয়াচ ৯-এর মূল ফিচার ও উদ্ভাবন
স্লিপ অ্যাপনিয়া শনাক্তকরণ: ঘুম না হওয়া বা সারাদিন অতিরিক্ত ক্লান্তিবোধ করার অন্যতম কারণ হতে পারে স্লিপ অ্যাপনিয়া (নিশ্বাসের সমস্যা)। নতুন এই ওয়াচটি ব্যবহারকারীর ঘুমানোর ধরন বিশ্লেষণ করে এই সমস্যা শনাক্ত করতে সক্ষম এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা মনে করিয়ে দেয়।
স্মার্ট হার্ট হেলথ ও ওয়ার্কআউট কোচ: কেবল খাদ্যাভ্যাস নয়, সার্বিক হৃদযন্ত্রের গতিবিধি নজরদারিতে রাখে ডিভাইসটি। দৌড়ানো বা ব্যায়ামের সময় ব্যবহারকারীর সহনশীলতা ও গতির ওপর ভিত্তি করে রিয়েল-টাইম দিকনির্দেশনা (Personalized Coaching) প্রদান করে।

ইনস্ট্যান্ট ব্লাড প্রেসার মনিটরিং: স্মার্টওয়াচটিতে যুক্ত করা হয়েছে উন্নত সেন্সর প্রযুক্তি, যার মাধ্যমে মাত্র কয়েক সেকেন্ডেই প্রেসার বা রক্তচাপের রিডিং নেওয়া সম্ভব।
গ্যালাক্সি এআই (Galaxy AI) সাপোর্ট: পুরো সিস্টেমটিকে পরিচালনা ও নিখুঁত তথ্য বিশ্লেষণের জন্য এতে যুক্ত করা হয়েছে গ্যালাক্সি এআই। এটি ব্যবহারকারীর শারীরিক অ্যাক্টিভিটি, এনার্জি লেভেল এবং স্ট্রেস ডাটা প্রসেস করে দৈনিক কাস্টমাইজড স্বাস্থ্য পরামর্শ দেয়।

অল-ইন-ওয়ান 'Vitals' ও ৭ দিনের ক্যালিব্রেশন:
স্বাস্থ্য পরিমাপ সহজ করতে এতে এসেছে নতুন 'Vitals' মেট্রিক। হার্ট রেট, হার্ট রেট ভ্যারিয়েবিলিটি (HRV), শারীরিক তাপমাত্রা, শ্বাস-প্রশ্বাসের হার এবং রক্তে অক্সিজেনের মাত্রা—এই ৫টি প্যারামিটার বিশ্লেষণ করে এটি সার্বিক স্বাস্থ্যের তথ্য দেয়। টানা ৭ রাত এটি পরিধান করলে ডিভাইসটি ব্যবহারকারীর স্বাস্থ্যের মূল বেসলাইন ক্যালিফ্রেড করে নেয়।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, পরিধানযোগ্য প্রযুক্তি বা ওয়্যারেবল ডিভাইসের বাজারে স্যামসাংয়ের এই 'গ্যালাক্সি ওয়াচ ৯' কেবল একটি সময় দেখার অনুষঙ্গ নয়, বরং কবজিতে সার্বক্ষণিক একজন ব্যক্তিগত স্বাস্থ্য সহায়কের ভূমিকা পালন করবে।
ডিজাইন, রঙ ও দাম:
‘গ্যালাক্সি ওয়াচ ৯’ পাওয়া যাচ্ছে ৪০ ও ৪৪ মিলিমিটার—এই দুটি আকারে। ৪৪ মিমি সংস্করণে থাকছে গ্রাফাইট ও সিলভার এবং ৪০ মিমি সংস্করণে মিলবে গ্রাফাইট ও ক্রিম রঙ। আন্তর্জাতিক বাজারে ৪০ মিমি সাইজের মূল্য ৩৭৯ মার্কিন ডলার এবং ৪৪ মিমি সাইজের দাম ৪৫৯ ডলার।