শাহজাদপুরের জামিরতায় প্রযুক্তিনির্ভর নারী-নেতৃত্বাধীন 'ভিশন সেন্টার' উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৪:১৩ পিএম | ২৫ জুলাই, ২০২৬
প্রান্তিক মানুষের দোরগোড়ায় মানসম্মত ও আধুনিক চক্ষুসেবা পৌঁছে দিতে সিরাজগঞ্জের শাহজাদপুরের জামিরতায় উদ্বোধন করা হয়েছে অত্যাধুনিক ও নারী-নেতৃত্বাধীন 'জামিরতা ভিশন সেন্টার'।
শনিবার (২৫ জুলাই) শাহজাদপুরের জামিরতা -তে এক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এই ভিশন সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, সারা বাংলাদেশের গ্রামপর্যায়ে আধুনিক চক্ষুসেবা পৌঁছে দেওয়ার যে পরিকল্পনা নেওয়া হয়েছিল, জামিরতার এই ভিশন সেন্টার তারই এক মাইলফলক সূচনা। প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এখন থেকে শাহজাদপুরের প্রত্যন্ত এলাকার মানুষ ঘরে বসেই ঢাকা বা নিউইয়র্কের মতো শহরের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে সরাসরি চোখের টেলিমেডিসিন পরামর্শ ও চিকিৎসা সেবা পাবেন। একই সাথে তিনি চশমা ব্যবহার নিয়ে সমাজের নানা কুসংস্কার দূর করার তাগিদ দেন এবং শিক্ষার্থীদের নিজ এলাকার চোখের রোগীদের সেন্টারে নিয়ে আসতে 'দৃষ্টি দূত' হিসেবে কাজ করার আহ্বান জানান।

অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় এবং আমুন্ড ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত 'ফিউচার ভিশন সেন্টার' প্রকল্পের আওতায় কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়েছে, যা পরিচালনা করবে 'প্রফেসর এম এ মতিন বিএনএসবি বেজ আই হসপিটাল'। দেশজুড়ে মোট ২৫টি পরিবেশবান্ধব নারী-নেতৃত্বাধীন 'গ্রিন ভিশন সেন্টার' স্থাপন করা হচ্ছে, যা সৌরবিদ্যুতের মাধ্যমে চলবে এবং তৃণমূল পর্যায়ে নারীদের কর্মসংস্থান তৈরি করবে। অরবিসের বিশ্বখ্যাত 'সাইবারসাইট' প্ল্যাটফর্ম ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে এখানে রিয়েল-টাইম কনসালটেশন, চোখের দৃষ্টি পরীক্ষা, চশমা সরবরাহ এবং গ্লুকোমা ও ডায়াবেটিক রেটিনোপ্যাথি স্ক্রিনিং সেবা দেওয়া হবে।
অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজনীতির পুরোনো সংস্কৃতি বদলে সততা, জবাবদিহিতা ও জনসেবামুখী 'নতুন রাজনৈতিক বন্দোবস্তের' আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, জনপ্রতিনিধিদের নির্ধারিত সময়ের জন্য এসে ফুলটাইম জনগণের কাজ করতে হবে এবং দায়িত্ব শেষে তাদের ব্যাংক ব্যালেন্স বাড়বে না, বরং কমবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন এবং অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনীর আহমেদ। বক্তারা জানান, পর্যায়ক্রমে সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সারাদেশে শতাধিক ভিশন সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে।
টিকে/