ইরানে নতুন হামলা না চালানোর নির্দেশ ট্রাম্পের
ছবি: সংগৃহীত
০১:০২ পিএম | ২৬ জুলাই, ২০২৬
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে ইরানে নতুন করে কোনো হামলা না চালানোর নির্দেশ দেন। এ সিদ্ধান্তের ফলে টানা প্রায় দুই সপ্তাহ ধরে প্রতিদিন চালানো হামলার ধারাবাহিকতায় বিরতি আসে। ওই সিদ্ধান্তের বিষয়ে অবগত দুটি সূত্র এ তথ্য জানিয়েছে।
গত ১৩ দিন ধরে প্রতিদিন ইরানে হামলার অনুমোদন দিয়েছিলেন ট্রাম্প। তবে শুক্রবারের এই নির্দেশ শুধু একদিনের জন্য ছিল, নাকি হামলায় বিরতি আরও দীর্ঘ হবে—তা এখনও স্পষ্ট নয়।
ট্রাম্পের এই সিদ্ধান্ত একদিকে কূটনৈতিক প্রচেষ্টার জন্য আরও কিছুটা সুযোগ করে দেয়ার ইচ্ছার প্রতিফলন। অন্যদিকে এটি তার এই উপলব্ধিও প্রকাশ করে যে, বর্তমান পর্যায়ের মার্কিন হামলা কার্যকারিতার সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে।
যদি ট্রাম্প আবার হামলার নির্দেশ দেন, তাহলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তুলনামূলক স্বল্প সময়ের নোটিশেই অভিযান শুরু করতে সক্ষম।
সূত্রগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এখনও সম্ভাব্য পূর্ণমাত্রার সামরিক অভিযানের পরিকল্পনা প্রস্তুত করছে। তবে ট্রাম্প এখনও সে ধরনের কোনো নির্দেশ দেননি। এ বিষয়ে মন্তব্যের অনুরোধে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
এমআর/টিএ