৫ লাখ টাকার প্রস্তাবেই বদলে যায় রাকুলের জীবন
ছবি: সংগৃহীত
০২:১৯ পিএম | ২৬ জুলাই, ২০২৬
অভিনয়ের কোনো স্বপ্ন, পরিকল্পনা কিংবা শৈশবের আকাঙ্ক্ষা ছিল না বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিংয়ের। মোটা অঙ্কের এক পারিশ্রমিকই তাঁকে প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়াতে উদ্বুদ্ধ করেছিল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের শুরুর গল্প তুলে ধরে অভিনেত্রী জানান, কলেজে পড়ার সময় হঠাৎ একটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পান। ছবিটির জন্য তাঁকে পাঁচ লাখ টাকা পারিশ্রমিক দেওয়ার কথা জানানো হয়। সে সময় একজন কলেজছাত্রীর কাছে এত বড় অঙ্কের অর্থ ছিল অকল্পনীয়। তাই টাকার লোভেই তিনি প্রস্তাবটি গ্রহণ করেছিলেন।

রাকুল জানান, তখন তার সবচেয়ে বড় স্বপ্ন ছিল নিজের একটি গাড়ি কেনা। বন্ধুদের মধ্যে সবার আগে গাড়ির মালিক হতে চেয়েছিলেন তিনি। সেই লক্ষ্য পূরণ করতেই প্রথম সিনেমায় অভিনয়ে রাজি হন। তবে তখনও তিনি ভাবেননি, এই সিদ্ধান্তই তাঁর ভবিষ্যৎ বদলে দেবে। প্রথম ছবির কাজ শেষ হওয়ার পর অভিনয়ের প্রতি আগ্রহ তৈরি হয়।
একই সঙ্গে নির্মাতা-প্রযোজকদের কাছ থেকেও নতুন নতুন কাজের প্রস্তাব আসতে থাকে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক দক্ষিণী সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন রাকুল প্রীত সিং। পরে বলিউডেও সফলভাবে অভিষেক ঘটে তাঁর। বর্তমানে দক্ষিণী সিনেমা ও হিন্দি সিনেমা– দুই অঙ্গনেই সমান জনপ্রিয় এই অভিনেত্রী।
রাকুলের মতে, শুধু অর্থের জন্য নেওয়া সেই একটি সিদ্ধান্তই শেষ পর্যন্ত তাঁর জীবনের সবচেয়ে বড় মোড় ঘুরিয়ে দিয়েছে। যে অভিনয়জগতে আসার কোনো পরিকল্পনাই ছিল না, সেখানেই আজ তিনি পরিচিত ও সফল অভিনেত্রীদের একজন।
এসএ/টিকে