© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিশেষায়িত চক্ষু হাসপাতালের প্রশাসনিক জটিলতা দূরীকরণে সরকারের সহযোগিতার আশ্বাস স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

শেয়ার করুন:
বিশেষায়িত চক্ষু হাসপাতালের প্রশাসনিক জটিলতা দূরীকরণে সরকারের সহযোগিতার আশ্বাস স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০৩ পিএম | ২৬ জুলাই, ২০২৬
বিশেষায়িত চক্ষু হাসপাতালগুলোর লাইসেন্স ও রেজিস্ট্রেশনসংক্রান্ত প্রশাসনিক জটিলতা নিরসন এবং এগুলোকে সাধারণ হাসপাতালের কাঠামোর বাইরে এনে বাস্তবসম্মত নীতিমালার আওতায় আনার তাগিদ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড এম এ মুহিত । একই সঙ্গে বৈশ্বিক 'গ্লোবাল সামিট ফর আই হেলথ'-এ বাংলাদেশের জাতীয় প্রতিশ্রুতি বাস্তবায়নে সব অংশীজনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার রাজধানীর বনানীতে আয়োজিত "Stakeholders' Consultation on Country Commitments' Finalisation for the Global Summit for Eye Health" শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 



প্রতিমন্ত্রী বলেন, "বিশেষায়িত চক্ষু হাসপাতালগুলোকে যদি সাধারণ জেনারেল হাসপাতালের ছাঁচে ফেলে মূল্যায়ন করা হয়, তবে তারা টিকতে পারবে না। পেডিয়াট্রিক সার্জারি বা অন্যান্য সাধারণ চিকিৎসার প্রতিটি শর্ত চক্ষু হাসপাতালের ওপর চাপিয়ে দেওয়া যুক্তিযুক্ত নয়। জেনারেল ও স্পেশালাইজড হাসপাতালের মধ্যে যে তফাৎ, তা প্রশাসনিক কর্মকর্তা ও সিদ্ধান্ত গ্রহণকারীদের সঠিক তথ্য ও যুক্তি দিয়ে বুঝাতে হবে।"

তিনি আরও বলেন, "আইন ও প্রশাসনিক প্রক্রিয়ার পরিবর্তনের জন্য আমলাতন্ত্র ও সরকারি কাঠামোর ভেতর দিয়েই যেতে হবে। আপনারা সচিবালয় ও সংশ্লিষ্ট দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সরাসরি দেখা করে আলোচনা করুন। প্রশাসনিক কাজে আমার রেফারেন্স ও পূর্ণ সমর্থন থাকবে। প্রয়োজনবোধে আমি নিজেই চিঠি দিয়ে বা টেলিফোনে এনডোর্স করব।"



চোখের স্বাস্থ্যসেবা খাতের সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের ওপর জোর দিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. মুহিত বলেন, "স্পেক্স ২০৩০ এবং গ্লোবাল সামিটের জাতীয় অঙ্গীকারসহ সব কাজের লক্ষ্য এক। তাই একটি কাজের সঙ্গে অন্য কাজের ধারাবাহিকতার স্বীকৃতি থাকতে হবে। কেউ যাতে নিজেকে উপেক্ষিত মনে না করেন, সেদিকে খেয়াল রেখে সবাইকে একযোগে ও দ্রুততার সঙ্গে ফলাফল নিয়ে আসতে হবে।"

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার উর্ধ্বতন কর্মকর্তা, চক্ষু বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা চোখের স্বাস্থ্যসেবার উন্নয়নে জাতীয় প্রতিশ্রুতি চূড়ান্তকরণ এবং সম্মিলিত রোডম্যাপ বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।

এসএন 

মন্তব্য করুন