© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন

শেয়ার করুন:
খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন

ফাইল ছবি

own-reporter
০২:৩৪ পিএম | ২৯ আগস্ট, ২০২০

সরকারের নির্বাহী আদেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়াতে পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। খালেদার চিকিৎসার জন্য তার মুক্তির মেয়াদ বাড়াতে গত মঙ্গলবার এই আবেদন করেছেন তার ছোট ভাই শামীম ইস্কান্দার। পরিবারের পক্ষ থেকে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার অনুমতিও চাওয়া হয়েছে।

শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, একটা আবেদন এসেছে। সেটি পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আইনি দিক বিচার-বিশ্লেষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে খালেদার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও মাহবুবউদ্দিন খোকন জানান, পরিবারের পক্ষ থেকে ‘স্থায়ী জামিন চেয়ে’ আবেদন করা হয়েছে।

এর আগে দুর্নীতির দুই মামলায় দণ্ডিত খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে তার মুক্তির জন্য সরকারের কাছে আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৫ মার্চ মুক্তি পান খালেদা জিয়া। ছয় মাসের ওই মুক্তির মেয়াদ ২৪ সেপ্টেম্বর শেষ হচ্ছে। আবেদনে যুক্তরাজ্যে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে আবেদন করা হয়েছিল। কিন্তু তখন তাকে দেশের বাইরে যাওয়ার অনুমতি দেয়নি সরকার। এবার আবার বিদেশে নেয়ার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের সাজায় কারাজীবন শুরু করেন খালেদা জিয়া। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও তার সাজার রায় হয়। তার বিরুদ্ধে আরও ৩৪টি মামলা রয়েছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন