শেয়ারবাজার কারসাজিক্রিকেটার সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পিছিয়ে ২৩ সেপ্টেম্বর ধার্য
ছবি: সংগৃহীত
০২:৩২ পিএম | ২৭ জুলাই, ২০২৬
সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে শেয়ারবাজার কারসাজি, জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগে করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ধার্য করেছেন আদালত।
সোমবার (২৭ জুলাই) মামলার তদন্তকারী সংস্থা দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারিত ছিল। তবে এদিন সংস্থাটির পক্ষ থেকে নির্ধারিত দিনে প্রতিবেদন দাখিল করা না হওয়ায় ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবিরের আদালত নতুন করে এই তারিখ ধার্য করেন।
এই মামলার অপর আসামিরা হলেন সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক আবুল খায়ের, তার স্ত্রী কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজী ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, জাভেদ এ. মতিন, জাহেদ কামাল, হুমায়ূন কবির ও তানভীর নিজাম।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, আসামিরা নিজেদের স্বার্থসংশ্লিষ্ট বিও অ্যাকাউন্টে অবৈধভাবে সিরিজ ট্রানজেকশন, প্রতারণামূলক অ্যাকটিভ ট্রেডিং, গ্যাম্বলিং ও স্পেকুলেশনের মাধ্যমে শেয়ারবাজারে কৃত্রিমভাবে নির্দিষ্ট কিছু শেয়ারের দাম বৃদ্ধি করে বাজারে কারসাজি করেন।
এতে সাধারণ বিনিয়োগকারীরা প্রতারিত হয়ে বিপুল পরিমাণ অর্থ হারান। এতে সাধারণ বিনিয়োগকারীদের ২৫৬ কোটি ৯৭ লাখ ৭০ হাজার ৩০৪ টাকা ক্ষতি হয়েছে বলে এজাহারে বলা হয়। এসব অভিযোগের ভিত্তিতে গত বছরের ১৭ জুন মানি লন্ডারিং প্রতিরোধ আইন, দুর্নীতি প্রতিরোধ আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলাটি দায়ের করা হয়।
টিকে/