আবারও পিছিয়ে বাংলাদেশের পাসপোর্ট, বিশ্ব র্যাঙ্কিংয়ে এখন ৯৭তম
ছবি: সংগৃহীত
০৫:০৭ পিএম | ২৭ জুলাই, ২০২৬
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় আবারও পিছিয়েছে বাংলাদেশের অবস্থান। ২০২৬ সালের জুলাই মাসে প্রকাশিত হেনলি পাসপোর্ট ইনডেক্সে বাংলাদেশ নেমে এসেছে ৯৭তম স্থানে। বছরের শুরুতে এ অবস্থান ছিল ৯৫তম। বর্তমানে বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া।
লন্ডনভিত্তিক আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স ২১ জুলাই তাদের সর্বশেষ সূচক প্রকাশ করে। বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি সম্ভাব্য গন্তব্য বিশ্লেষণ করে এই সূচক তৈরি করা হয়েছে। কোন দেশের নাগরিক আগাম ভিসা ছাড়াই বা অন-অ্যারাইভাল ভিসায় কতটি দেশে ভ্রমণ করতে পারেন, তার ভিত্তিতেই নির্ধারণ করা হয় এই র্যাঙ্কিং।
সর্বশেষ সূচক অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে ৩৫টি দেশে ভিসামুক্ত, অন-অ্যারাইভাল ভিসা অথবা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) সুবিধায় ভ্রমণ করতে পারবেন। জানুয়ারি ২০২৬-এ এই সংখ্যা ছিল ৩৭। অর্থাৎ, ছয় মাসের ব্যবধানে বাংলাদেশ দুইটি সহজ ভিসা সুবিধার গন্তব্য হারিয়েছে।
বাংলাদেশি নাগরিকরা সম্পূর্ণ ভিসামুক্ত সুবিধা পাবেন ১৭টি দেশ ও অঞ্চলে। এছাড়া ১৪টি দেশে অন-অ্যারাইভাল ভিসা এবং শ্রীলঙ্কা, কেনিয়া, সেন্ট কিটস অ্যান্ড নেভিসসহ কয়েকটি দেশে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ইটিএ) সুবিধা রয়েছে।
তবে চলতি বছরের জানুয়ারির তুলনায় অবস্থান অবনতি হলেও ২০২৫ সালের জুলাইয়ের তুলনায় তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। গত বছরের একই সময়ে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম।
হেনলি ইনডেক্সের তথ্য বলছে, গত দুই দশকে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ধারাবাহিকভাবে পিছিয়েছে। ২০০৬ সালে বাংলাদেশ ছিল ৬৮তম স্থানে। এরপর ধীরে ধীরে অবস্থান নেমে ২০২১ সালে সর্বনিম্ন ১০৮তম স্থানে পৌঁছায়। পরে কিছুটা উন্নতি হলেও ২০২৬ সালের জুলাইয়ে আবারও অবনতি হয়েছে।
এবারের সূচকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের মর্যাদা ধরে রেখেছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা ১৯২টি দেশে ভিসামুক্ত বা সহজ ভিসা সুবিধায় ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। দক্ষিণ এশিয়ায় সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের, যার অবস্থান ৫২তম। ভারত রয়েছে ৮১তম, শ্রীলঙ্কা ৯৪তম, বাংলাদেশ ৯৭তম, নেপাল ৯৮তম এবং পাকিস্তান ১০১তম স্থানে।
এসএন