লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল
ছবি: সংগৃহীত
০৫:৩৬ পিএম | ২৭ জুলাই, ২০২৬
লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করে ৩টি শর্ত সাপেক্ষে বড় মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালকে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
সরকারি চিঠিতে জানানো হয়, আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতক শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দাখিলকৃত আপিল ও অধিকতর বিবরণীর বিষয়ে তদন্ত কমিটিকে সরজমিনে পরিদর্শনপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করা হয়েছিল। তদন্ত কমিটির সরজমিনে পরিদর্শনের দাখিলকৃত প্রতিবেদন সন্তোষজনক হওয়ায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করা হয়।
হাসপাতালটি পুনরায় চালুর জন্য ধার্যকৃত ৩টি শর্ত হলো-
১. The Medical practice and private Clinics and laboratories (Regulation) ordinance, 1982 এর নির্দেশনা প্রতিপালন অব্যাহত রাখতে হবে।
২. লাইসেন্সের শর্ত অনুযায়ী ডিউটি ডাক্তার ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে; এবং
৩. লাইসেন্সের শর্তাবলী প্রতিপালনে ব্যর্থ হলে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ যে কোনো সময় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
টিকে/