পদোন্নতি পেলেন স্বাস্থ্য অধিদপ্তরের বিতর্কিত উপপরিচালক শাফী
ছবি: সংগৃহীত
০৬:৩৩ পিএম | ২৭ জুলাই, ২০২৬
সাংবাদিকদের দিয়ে হাসপাতালের শৌচাগার পরিষ্কার করানোর মন্তব্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন মন্তব্যকে ঘিরে বিতর্কের মুখে থাকা স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (হাসপাতাল) ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফীকে পদোন্নতি দিয়ে ইনস্টিটিউট অব পাবলিক হেলথের (আইপিএইচ) পরিচালকের চলতি দায়িত্ব দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফীকে বদলিপূর্বক আইপিএইচের পরিচালকের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। পদায়ন করা কর্মকর্তাদের আগামী ২৯ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
একই আদেশে আইপিএইচের বর্তমান পরিচালক ডা. মো. মোমিনুর রহমানকে স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পদায়ন করা হয়েছে।
গত ২৪ জুন নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে দেশের ৬০০ জেলা ও উপজেলা হাসপাতালের শৌচাগার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত বলে মন্তব্য করেছিলেন ডা. শাফী। এমনকি বিষয়টি আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে আলোচনার প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। পরে সমালোচনার মুখে পোস্টটি মুছে ফেলেন।
এ ছাড়া মেডিকেল টেকনোলজিস্ট ও উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের বিভিন্ন দাবি-দাওয়া ঘিরে চিকিৎসকদের সঙ্গে একাধিকবার প্রকাশ্য বিতর্কে জড়ান তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার অশালীন ও ইঙ্গিতপূর্ণ মন্তব্যসংবলিত কয়েকটি স্ক্রিনশটও ছড়িয়ে পড়ে, যা নিয়ে নতুন করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এসব বিতর্কের মধ্যেই তাকে পদোন্নতি দিয়ে আইপিএইচের পরিচালকের দায়িত্ব দেওয়ায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
এসএন