নারীর সমঅধিকার নিয়ে ফখরুল-কন্যার বিস্ফোরক মন্তব্য
ছবি: সংগৃহীত
১০:০৬ পিএম | ২৭ জুলাই, ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে এক শিক্ষিকাকে কুরুচিপূর্ণভাবে হেনস্তা এবং রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে নারীদের বঞ্চিত করার ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জ্যেষ্ঠ কন্যা ও গবেষক ড. শামারুহ মির্জা।
সোমবার (২৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি সমাজ ও রাজনীতিতে বিদ্যমান পুরুষতান্ত্রিক মানসিকতার কঠোর সমালোচনা করেন। তার এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
সম্প্রতি সিলেটের ফেঞ্চুগঞ্জের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রানী পালের একটি রিলস ভিডিওকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও ট্রলের ঘটনা ঘটে। একই সময়ে ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে কোনো নারী সদস্য না থাকায় সমালোচনার মুখে পড়ে সংগঠনটি।
এই দুই ঘটনাকে একই সামাজিক বাস্তবতার প্রতিফলন হিসেবে উল্লেখ করে শামারুহ মির্জা তার পোস্টে লেখেন, সমাজে শিশু নির্যাতন, যৌন হয়রানি, নারী হেনস্তার মতো ঘটনায় একশ্রেণির মানুষ প্রকাশ্যে সমর্থনমূলক বা অবমাননাকর মন্তব্য করছে, যা উদ্বেগজনক।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো নেতৃত্বের ক্ষেত্রে নারীদের ওপর আস্থা রাখতে চায় না। অথচ নির্বাচনের সময় ভোটার হিসেবে নারীদের গুরুত্ব দেওয়া হয়। তার মতে, নারীদের মেধা ও যোগ্যতার যথাযথ মূল্যায়নের পরিবর্তে তাদের কেবল ভোটের রাজনীতিতে ব্যবহার করা হচ্ছে।
ড. শামারুহ মির্জার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে বিএনপি মহাসচিবের কন্যার পক্ষ থেকে নিজ দলের অঙ্গসংগঠনের নারী প্রতিনিধিত্বের বিষয়টি প্রকাশ্যে সমালোচিত হওয়ায় রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
এসএন