© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যে যায় লঙ্কায় সেই হয় রাবণ: জাবিতে গণভোট প্রসঙ্গে নাহিদ ইসলাম

শেয়ার করুন:
যে যায় লঙ্কায় সেই হয় রাবণ: জাবিতে গণভোট প্রসঙ্গে নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৩ পিএম | ২৭ জুলাই, ২০২৬
তরুণরা পরিবর্তনের পক্ষে ভোট দিলেও ক্ষমতায় গিয়ে বর্তমান সরকার সংস্কারের কথা ভুলে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। ক্ষমতায় যাওয়ার পর এই সরকার আর সংস্কার নিয়ে কথা বলছে না।’

​সোমবার (২৭ জুলাই) বিকেল চারটায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে জাতীয় ছাত্রশক্তির জাবি শাখা আয়োজিত ‘জুলাই: রক্তঋণের উত্তরাধিকার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম জুলাই গণঅভ্যুত্থানের মূল লক্ষ্যগুলো স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, ‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার, অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ, গণতন্ত্র নিশ্চিত করা এবং স্বাধীন পররাষ্ট্রনীতি তৈরি করা জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম অঙ্গীকার ছিল। আমাদের তা বাস্তবায়নে কাজ করতে হবে।’

​ইতিহাস মুছে যাওয়ার আশঙ্কা নাকচ করে তিনি আরও বলেন, ‘অনেকে বলেন জুলাইয়ের ইতিহাস মুছে যাচ্ছে। কিন্তু রক্তে লেখা ইতিহাস কখনো মুছে যায় না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই রক্তঋণের উত্তরাধিকার। আগামী প্রজন্ম পর্যন্ত আপনাদেরই এই উত্তরাধিকার বহন করতে হবে।’

​অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন বক্তব্য দেন। তিনি বিশ্ববিদ্যালয়গুলোকে জবাবদিহির কেন্দ্র হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় সবসময় ক্ষমতার কাছে প্রশ্ন তুলবে এবং রাষ্ট্রকে জবাবদিহির জায়গায় নিয়ে যাবে। গণঅভ্যুত্থানের ফলে আমরা যারা জনপ্রতিনিধি হয়েছি, আমরাও যদি জনগণের বিরুদ্ধে অবস্থান নিই, তবে ছাত্ররা আমাদেরও জবাবদিহির আওতায় আনবে। এটাই আমাদের প্রত্যাশা।’

​আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাবি উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘জুলাই আমার কাছে আবেগের নাম। আমরা সবাই জুলাইয়ের প্রোডাক্ট। আমরা আজকে এই জায়গায় আছি জুলাইয়ের কারণে। আমরা সবাই কেবল মুখে সততার কথা না বলে জুলাইয়ের চেতনা ধারণ করে কাজেও সততার প্রমাণ দেব।’

​জাতীয় ছাত্রশক্তির জাবি শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এতে সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। আলোচনা শেষে আয়োজিত লেখা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

​অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনসিপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ হাসান ও সেক্রেটারি আবু বাকের মজুমদার। এছাড়া জাতীয় নারীশক্তির সভাপতি মনিরা শারমিন, জাতীয় যুবশক্তির সভাপতি আইনজীবী তারিকুল ইসলাম, জাবি প্রেসক্লাবের সভাপতি এস এম তাওহীদ, জাকসু নেতা এবং ক্যাম্পাসে ক্রিয়াশীল বিভিন্ন সংগঠনের নেতারাও বক্তব্য দেন।

এমআই/টিএ

মন্তব্য করুন