আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল
ছবি: সংগৃহীত
০২:৪৫ এএম | ২৮ জুলাই, ২০২৬
পরিচিত মুখ, বিশ্বাসযোগ্য পরিচয়-ভিডিও কলেই চলছে প্রতারণার নতুন ফাঁদ। কখনও ব্যাংক কর্মকর্তা, কখনও প্রযুক্তি সহায়তাকর্মী বা সরকারি সংস্থার প্রতিনিধি সেজে আইফোন ব্যবহারকারীদের টার্গেট করছে সাইবার অপরাধীরা। এমন প্রতারণা থেকে সতর্ক থাকতে ফেসটাইম ব্যবহারকারীদের সতর্কবার্তা দিয়েছে অ্যাপল।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, সাইবার অপরাধীরা এখন ফেসটাইম ভিডিও কলের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ও ব্যাংক হিসাবের তথ্য হাতিয়ে নিচ্ছে। এ বিষয়ে সতর্ক করে প্রতিবেদন প্রকাশ করেছে ডেইলি মেইল।
অ্যাপলের তথ্য অনুযায়ী, সাধারণ ফোনকলের তুলনায় ভিডিও কলে প্রতারণা করা আরও সহজ। কারণ, ভিডিওতে মুখ দেখে অনেকেই কলদাতার পরিচয় নিয়ে সন্দেহ করেন না। এই মনস্তাত্ত্বিক দুর্বলতাকেই কাজে লাগাচ্ছে প্রতারকরা।
প্রতারণার কৌশলও বেশ পরিচিত। প্রথমে একটি খুদে বার্তায় জানানো হয়, ব্যবহারকারীর ব্যাংক হিসাব বা ক্রেডিট কার্ডে সন্দেহজনক লেনদেন হয়েছে। এরপর পরিচয় যাচাই বা সমস্যা সমাধানের অজুহাতে ফেসটাইমে ভিডিও কলে যুক্ত হতে বলা হয়।
ভিডিও কলে প্রতারকেরা ব্যবহারকারীকে অনলাইন ব্যাংকিংয়ে প্রবেশ, অর্থ স্থানান্তর কিংবা একবার ব্যবহারযোগ্য নিরাপত্তা কোড (ওটিপি) দেয়ার সময় পর্দা ভাগাভাগি (স্ক্রিন শেয়ার) করতে রাজি করায়। এতে পাসওয়ার্ড, ব্যাংক হিসাবের তথ্য ও নিরাপত্তা কোড সহজেই তাদের হাতে চলে যায় এবং অল্প সময়ের মধ্যেই ব্যাংক হিসাব থেকে অর্থ সরিয়ে নেয়া সম্ভব হয়।
অ্যাপল স্পষ্টভাবে জানিয়েছে, তাদের কোনো কর্মকর্তা বা কর্মী কখনোই অনাকাঙ্ক্ষিতভাবে ফেসটাইমে যোগাযোগ করে পাসওয়ার্ড, নিরাপত্তা কোড বা অন্য কোনো সংবেদনশীল তথ্য চান না। এমন অনুরোধ পেলে সঙ্গে সঙ্গে কল কেটে দেয়ার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।
এ ছাড়া প্রযুক্তি সহায়তার নামেও একই ধরনের প্রতারণা চলছে। ভুয়া নিরাপত্তা সতর্কবার্তা পাঠিয়ে দাবি করা হয়, ব্যবহারকারীর আইফোনে ক্ষতিকর সফ্টওয়্যার ঢুকেছে। পরে ভিডিও কলে যুক্ত হয়ে নজরদারি সফ্টওয়্যার ইনস্টল, নিরাপত্তা সেটিংস পরিবর্তন বা লগইন তথ্য দেয়ার জন্য প্ররোচিত করা হয়। এতে ব্যবহারকারীর বিভিন্ন অনলাইন অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ সাইবার অপরাধীদের হাতে চলে যেতে পারে।
নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, প্রতারকেরা এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), আগে ধারণ করা ভিডিও এবং বিভিন্ন ফিল্টার ব্যবহার করে নিজেদের আরও বিশ্বাসযোগ্য করে তুলছে। তাই সন্দেহজনক ফেসটাইম কলে সাড়া না দেয়া, ভিডিও কলে পর্দা ভাগাভাগি না করা এবং অপরিচিত কোনো লিংকে ক্লিক না করার পরামর্শ দিয়েছেন তারা।
এমআর/টিএ