সবকিছু দলীয়করণ হলে বিএনপি থেকে জাতীয়তাবাদী শব্দটা বাদ দিতে হবে: সারজিস আলম
ছবি: সংগৃহীত
০৯:২১ এএম | ২৮ জুলাই, ২০২৬
সবকিছুতে দলীয়করণ হলে বিএনপি থেকে জাতীয়তাবাদী শব্দটা বাদ দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচির’ সমাবেশে সোমবার বিকেলে তিনি এ মন্তব্য করেন।
সমাবেশে সারজিস আলম বলেন, ‘বিএনপি সরকার সবকিছু দলীয়করণ করছে। সরকারের যত সুযোগ-সুবিধা যারা ধানের শীষে ভোট দেয়, তাদের দেওয়া হচ্ছে। অন্যরা বঞ্চিত হচ্ছে। সবকিছু যদি দলীয়করণ হয়ে যায়, তাহলে বিএনপির নাম থেকে তাদের জাতীয়তাবাদী শব্দটা বাদ দিয়ে দিতে হবে। তারা দেশবাসীর সঙ্গে প্রতারণা করছে। এ প্রতারণার ফল তাদের ভোগ করতে হবে।’
এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বাংলাদেশে এখনও অনেক মুজিবপ্রেমী টকশো আছে, মিডিয়া ব্যক্তিত্ব আছে তারা স্বপ্ন দেখে ডিসেম্বরে নাকি শেখ হাসিনা তাদের আপা আসবে, আপা কোথায় আসবে, আপাতো হেলিকপ্টার নিয়ে চলে গেছে, বাংলাদেশে আর কোনো জায়গা নাই, আপা ফিরে আসার।’
সমাবেশে এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, কিশোরগঞ্জ এনসিপির সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, ফয়সাল প্রিন্সসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
এমআই/এসএন