© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মিরপুরে দেয়াল ধসের ঘটনায় তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ডিএনসিসি প্রশাসকের

শেয়ার করুন:
মিরপুরে দেয়াল ধসের ঘটনায় তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ডিএনসিসি প্রশাসকের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৯ পিএম | ২৮ জুলাই, ২০২৬
রাজধানীর মিরপুর কলেজের সীমানা দেয়াল ধসে ২ জন নিহত ও ৭ জন আহত হওয়ার ঘটনায় রাজউক, গণপূর্ত অধিদপ্তর এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রতিনিধিদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। প্রশাসক বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, কোনো মৃত্যুই কাম্য নয়। আজকের ঘটনার জন্য আমি অত্যন্ত মর্মাহত। প্রাথমিকভাবে দেয়াল নির্মাণে ত্রুটির ইঙ্গিত দিয়ে শফিকুল ইসলাম বলেন, ২০১৪ সালে নির্মিত দেয়ালটিতে প্রয়োজনীয় নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়নি।

আরসিসি (রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট) কাঠামো না করে শুধু ইটের গাঁথুনি দিয়ে দেয়াল নির্মাণ করা হয়েছিল। ফলে এটি দুর্বল হয়ে পড়ে এবং এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

তিনি জানান, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে অবশিষ্ট দেয়ালগুলো প্রকৌশলগত মান বজায় রেখে পুনর্নির্মাণ বা শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে।

টিসিবির পণ্য সংগ্রহ করতে গিয়ে আহতদের বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রশাসক বলেন, আহতদের আর্থিক সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে।পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্দেশনায় আহতদের হাসপাতালে বিনা মূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, আজ বিকেলে মিরপুর-২ এলাকার মিরপুর কলেজের সীমানা দেয়াল ধসে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং অন্তত সাতজন আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরআই/টিএ

মন্তব্য করুন