গভীর রাতে ঘুরতে বের হয়েছিল স্বামী-স্ত্রী, গরু চোর সন্দেহে গণপিটুনি
ছবি: সংগৃহীত
১২:৪৪ পিএম | ২৯ জুলাই, ২০২৬
গভীর রাতে নিজেদের পিকআপ ভ্যান নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন স্বামী-স্ত্রী। পথে গাড়িটি বিকল হয়ে গেলে সড়কের পাশে দাঁড়িয়ে তা মেরামতের চেষ্টা করছিলেন তারা। এ সময় তাদের গরু চোর সন্দেহে আটক করে গণপিটুনি দিয়েছেন স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই দম্পতিকে উদ্ধার করে হেফাজতে নেয়।
পাবনার ঈশ্বরদীতে গত সোমবার (২৭ জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পুলিশ হেফাজতে থাকা ওই দুজন হলেন ঈশ্বরদী পৌরসভার শহীদ আমিনপাড়া এলাকার মৃত ইউনুছ শেখের ছেলে মো. রায়হান শেখ (২৫) এবং তার স্ত্রী মোছা. সুমাইয়া খাতুন (১৮)।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত আনুমানিক দেড়টার (১টা ৩০ মিনিট) দিকে স্বামী-স্ত্রী তাদের নিজস্ব একটি পিকআপ ভ্যান নিয়ে বের হন। পথে পৌর শহরের উমিরপুর এলাকায় পৌঁছালে পিকআপটি বিকল হয়ে যায়। এ সময় তারা সড়কের পাশে দাঁড়িয়ে গাড়িটি মেরামতের চেষ্টা করছিলেন। বিষয়টি দেখে স্থানীয় কয়েকজন তাদের গরু চোর সন্দেহে আটক করে মারধর করেন।
পরে ভোর আনুমানিক চারটার দিকে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওই দম্পতিকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, তারা গরু চোর নন। নিজেদের পিকআপ নিয়ে বের হওয়ার পর গাড়িটি বিকল হয়ে যাওয়ায় তারা ঘটনাস্থলে অবস্থান করছিলেন।
সার্বিক বিষয়ে ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন ঢাকা পোস্টকে বলেন, গরু চোর সন্দেহে স্থানীয় লোকজন স্বামী-স্ত্রীকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হেফাজতে নেয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া তাদের ব্যবহৃত পিকআপটিও পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
এফআর/এসএন