নার্সিং পেশাকে উন্নত করতে নতুন প্রকল্প নিচ্ছে সরকার: জিয়াউদ্দিন হায়দার
ছবি: সংগৃহীত
০১:৫৮ পিএম | ২৯ জুলাই, ২০২৬
নার্সিং পেশাকে উন্নত করতে নতুন প্রকল্প নিচ্ছে সরকার। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহায়তায় ফিলিপাইনের সঙ্গে যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।
আজ বুধবার (২৯ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, আদর্শ নার্সিং কলেজের মান নির্ধারণ করে দেওয়া হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে সেই মানে উন্নীত করতে হবে।
জিয়াউদ্দিন হায়দার আরও বলেন, দেশের নার্সিং শিক্ষা কারিকুলাম সংশোধন করে আন্তর্জাতিক আদলে কারিকুলাম সাজানো হবে। বিশ্বমানের নার্সিং শিক্ষা গড়ে তুলতে, তিন বছরের নার্সিং কোর্স চার বছরে উন্নীত করা হবে। এক্ষেত্রে ফিলিপাইন সরকার প্রয়োজনীয সহযোগিতা করবে।
এছাড়া শিগগিরই শূন্য পদগুলোতে চিকিৎসক, নার্স, ধাত্রী এবং মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ করা হবে বলে জানান ডা. জিয়াউদ্দিন।
এসএন