© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জনপ্রিয়তায় বিবিসিকেও পেছনে ফেলল নেটফ্লিক্স

শেয়ার করুন:
জনপ্রিয়তায় বিবিসিকেও পেছনে ফেলল নেটফ্লিক্স

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০০ পিএম | ২৯ জুলাই, ২০২৬
ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের জনপ্রিয়তা দিন দিন বাড়ছেই। এবার যুক্তরাজ্যে টেলিভিশন দর্শকদের প্রথম পছন্দের তালিকায় দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিবিসিকেও পেছনে ফেলেছে প্রতিষ্ঠানটি।

বুধবার (২৯ জুলাই) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাজ্যের গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা অফকমের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, টেলিভিশনে কী দেখবেন, তা ঠিক করার সময় ২৬ শতাংশ দর্শক প্রথমে নেটফ্লিক্স বেছে নেন। অন্যদিকে বিবিসিকে প্রথম পছন্দ হিসেবে বেছে নেন ২৫ শতাংশ দর্শক। এ ছাড়া আইটিভি তৃতীয় স্থানে, যার পক্ষে মত দিয়েছেন ১৫ শতাংশ দর্শক।

এ ছাড়া প্রতিবেদনে উঠে এসেছে, যুক্তরাজ্যে স্ট্রিমিং প্ল্যাটফর্মের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। তবে বিবিসি আইপ্লেয়ার, আইটিভিএক্স, চ্যানেল ৪ স্ট্রিমিং ও ৫-এর মতো স্থানীয় স্ট্রিমিং সেবাগুলোর দর্শকও গত এক বছরে ৯ শতাংশ বেড়েছে।

বর্তমানে যুক্তরাজ্যের প্রায় ৭০ শতাংশ পরিবারে নেটফ্লিক্সের মতো সাবস্ক্রিপশনভিত্তিক স্ট্রিমিং সেবা ব্যবহার করা হয়। করোনার সময় এটি খুব দ্রুত বেড়েছিল কিন্তু এখন একটি নির্দিষ্ট ও শান্ত অবস্থায় আছে।

এদিকে প্রচলিত টেলিভিশন চ্যানেলের দর্শক ধীরে ধীরে কমছে। বিপরীতে টেলিভিশনে ইউটিউব দেখার সময় বাড়ছে। ২০২২ সালে একজন দর্শক প্রতিদিন গড়ে ৯ মিনিট ইউটিউব দেখলেও ২০২৫ সালে তা বেড়ে ১৯ মিনিটে পৌঁছেছে। এমনকি ৭৫ বছর বা তার বেশি বয়সী দর্শকদের মধ্যেও ইউটিউবের ব্যবহার আগের তুলনায় বেড়েছে বলে জানিয়েছে অফকম।

এসএ/এসএন

মন্তব্য করুন