রেখার প্রিয় কাঞ্জিভরম কেন আজও ফ্যাশনের শীর্ষে?
ছবি: সংগৃহীত
০৫:২৪ পিএম | ২৯ জুলাই, ২০২৬
বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী রেখার বয়স সাত দশক পেরিয়ে গেলেও তার সৌন্দর্য, ব্যক্তিত্ব ও সাজের আবেদন আজও দর্শকদের মুগ্ধ করে। গণমাধ্যম কিংবা আলোকচিত্রশিকারিদের ক্যামেরার সামনে যতবারই তিনি হাজির হন, ততবারই আলোচনার কেন্দ্রে উঠে আসে তার ঐতিহ্যবাহী সাজ। বিশেষ করে সোনালি আভাযুক্ত কাঞ্জিভরম শাড়ি ও সিঁথিভর্তি সিঁদুর যেন তার পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।
রেখার এই শাড়িপ্রীতি নতুন কিছু নয়। তবে তিনি একাই নন, ভারতের ধনকুবের মুখেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি, অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবং বিদ্যা বালানের মতো তারকারাও বিভিন্ন অনুষ্ঠানে কাঞ্জিভরম শাড়িতে নিজেদের সাজিয়ে তুলেছেন। তারকাদের এই পছন্দের প্রভাব এখন দেখা যাচ্ছে বাঙালির বিয়ের আয়োজনে। বিশেষ করে সংবর্ধনা অনুষ্ঠানে অনেক নববধূ এখন ঐতিহ্যবাহী কাঞ্জিভরম বেছে নিচ্ছেন।
দক্ষিণ ভারতের ঐতিহ্যের প্রতীক হিসেবে পরিচিত কাঞ্জিভরম মূলত খাঁটি রেশম দিয়ে তৈরি একটি বিশেষ ধরনের শাড়ি। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো কোরভাই বুনন পদ্ধতি। এই পদ্ধতিতে শাড়ির মূল অংশ, পাড় এবং আঁচল আলাদাভাবে বোনা হয়। পরে অত্যন্ত নিখুঁতভাবে সেগুলো একত্র করা হয়। ফলে আসল কাঞ্জিভরমে পাড় ও মূল অংশের সংযোগস্থলে সূক্ষ্ম বুননের ছাপ স্পষ্টভাবে দেখা যায়।

বিশেষজ্ঞদের মতে, আসল কাঞ্জিভরম চেনার আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হলো জড়ির কাজ। খাঁটি কাঞ্জিভরমে রূপার তারের ওপর সোনার প্রলেপ দেওয়া জড়ি ব্যবহার করা হয়। একটি জড়ির সুতা আলতোভাবে পরীক্ষা করলে ভেতরে লাল সুতা ও রূপার স্তরের উপস্থিতি বোঝা যায়। যদি সুতা সাদা, তামাটে বা কৃত্রিম উপাদানের মতো মনে হয়, তাহলে সেটি আসল নয় বলেই ধরে নেওয়া যায়।
শুধু বুনন বা জড়িই নয়, ওজনও কাঞ্জিভরমের মান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খাঁটি রেশম ও উন্নতমানের জড়ি ব্যবহারের কারণে একটি আসল কাঞ্জিভরম সাধারণত ৬০০ থেকে ৮০০ গ্রাম বা তারও বেশি ওজনের হয়ে থাকে। তুলনামূলক হালকা শাড়িতে অনেক সময় কৃত্রিম তন্তু মেশানো থাকে।
বিশেষজ্ঞরা আরও পরামর্শ দিচ্ছেন, কাঞ্জিভরম কেনার সময় অবশ্যই ‘সিল্ক মার্ক’ অনুমোদনের চিহ্ন রয়েছে কি না, তা যাচাই করে নেওয়া উচিত। এই স্বীকৃতি থাকলে শাড়িটির রেশমের মান সম্পর্কে ক্রেতা অনেকটাই নিশ্চিত হতে পারেন।
সময়ের সঙ্গে ফ্যাশনের ধারা বদলালেও কাঞ্জিভরমের আবেদন এতটুকু কমেনি। বরং রেখাসহ বলিউডের একাধিক তারকার সৌজন্যে এই ঐতিহ্যবাহী শাড়ি নতুন প্রজন্মের কাছেও সমান জনপ্রিয় হয়ে উঠছে। দক্ষিণ ভারতের ঐতিহ্যের গণ্ডি পেরিয়ে কাঞ্জিভরম এখন বাঙালির বিয়ের সাজেও বিশেষ স্থান করে নিয়েছে।
এসএ/এসএন