যুক্তরাষ্ট্রে বর্ণবাদবিরোধীদের সঙ্গে ট্রাম্প সমর্থকদের সংঘর্ষে নিহত ১
বর্ণবাদবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উগ্র সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড শহরে সংঘটিত সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা ৬০০ গাড়ির একটি বহর নিয়ে পোর্টল্যান্ড শহরে প্রবেশ করে। পরে ট্রাম্পের সমর্থকদের সঙ্গে বর্ণবাদবিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়।
ট্রাম্পের সমর্থকরা যখন পোর্টল্যান্ডে প্রবেশ করে, তখন ওই শহরে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের পূবঘোষিত কর্মসূচী চলছিল। শহরে প্রবেশের পর ট্রাম্পের সমর্থকরা আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
বিবিসির খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে গত কয়েক সপ্তাহ ধরে পোর্টল্যান্ড শহরে শক্তির মহড়া চালাচ্ছেন ট্রাম্প সমর্থকরা। এ নিয়ে তৃতীয় দফায় শনিবার ট্রাম্পের সমর্থকদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হলো।

এ বিষয়ে পোর্টল্যান্ড পুলিশ বলেছে, সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের পরিচয় প্রকাশ করা হয়নি। কৃষ্ণাঙ্গ নাগরিকদের সঙ্গে বৈষম্যের প্রতিবাদে গত কিছু দিন ধরে পোর্টল্যান্ডের রাজপথে টানা বিক্ষোভ চলছে।
২৫ মে শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড নিহতের পর পুলিশি নিপীড়নের বিষয়টি আবারও সামনে আসে। এরই প্রতিবাদে বিক্ষোভের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে পোর্টল্যান্ড শহর।
টাইমস/এসএন