মানবপাচার রোধে মালয়েশিয়ার সঙ্গে দূতাবাসের বৈঠক
ছবি: সংগৃহীত
১১:০০ এএম | ৩১ জুলাই, ২০২৬
মালয়েশিয়ায় মানবপাচার এবং অভিবাসী চোরাচালান প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দেশটির সরকারের মানবপাচার দমন সংক্রান্ত দপ্তর ‘এটিপসম’-এর সঙ্গে একটি বৈঠক করেছে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি দল।
গত ১৬ জুলাই আয়োজিত এ বৈঠককে বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডেপুটি হাইকমিশনার মোসাম্মৎ শাহানারা মনিকা। অন্যদিকে মালয়েশীয় সরকারের পক্ষে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ‘এটিপসম’-এর পরিচালক আসানী বিন লাদজানি।
এ সময় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে সকল স্তরে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গঠনমূলক আলোচনা হয়। এ ছাড়া, পাচারের শিকার ভিকটিম বিশেষত মহিলাদের উদ্ধার, আশ্রয় ও প্রত্যাবাসনের পাশাপাশি আইনি প্রক্রিয়া জোরদার করার মাধ্যমে এ সব অপরাধের মাত্রা কমিয়ে আনার লক্ষ্যে উভয় পক্ষ একযোগে কাজ করার সিদ্ধান্ত নেয়।
একই সঙ্গে মানবপাচার ও অভিবাসী চোরাচালানের বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য দুই পক্ষ কর্তৃক যৌথ প্রোগ্রাম আয়োজনের বিষয়েও আলোচনা হয়েছে।
পরিশেষে, উভয় প্রতিনিধিদল সম্মিলিত সহযোগিতার আশাবাদ ব্যক্ত করে উক্ত সভা শেষ করে। এ সময় বাংলাদেশ হাইকমিশন প্রতিনিধি দলে ছিলেন শ্রম কাউন্সিলর সৈয়দ শরিফুল ইসলাম, কাউন্সিলর (কনস্যুলার) ফিরোজ রাব্বানী এবং ফার্স্ট সেক্রেটারি ফাল্গুনী বাগচী।
কেএন/এসএন