© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১৯ বছর পর কলকাতায় তসলিমা নাসরিন!

শেয়ার করুন:
১৯ বছর পর কলকাতায় তসলিমা নাসরিন!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৫ পিএম | ৩১ জুলাই, ২০২৬
প্রায় দুই দশক পরে আবার কলকাতায় ফিরে এলেন তসলিমা নাসরিন। শুক্রবার (৩১ জুলাই) বেলা ১২টা ৫০ মিনিটের দিকে দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছান।

পরনে সাদা-লালপাড় শাড়ি। তিলোত্তমায় পা রেখে আবেগে ভাসলেন তসলিমা। হাসিমুখে বললেন, ‘খুবই ভালো লাগছে।’

এর আগে, সকালে সমাজমাধ্যমে পোস্ট করে তসলিমা লিখেছিলেন, ‘আজি এ প্রভাতে কলিকাতা অভিমুখে যাত্রা করিলাম।’ তার মাত্র কয়েক ঘণ্টা পরই দমদম বিমানবন্দরে পৌঁছান তিনি।

বিমানবন্দরে অভ্যর্থনা পর্বে আবেগে ভাসলেন তসলিমা। লেখিকাকে স্বাগত জানাতে হাতে তার ছবি-সংবলিত ব্যানার নিয়ে অপেক্ষা করছিলেন বন্ধু ও অনুরাগীরা। প্রায় দুই দশক পর প্রিয় শহরে তাকে ফিরে পেয়ে তাদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। লেখিকার জন্য বিমানবন্দরে ছিল কড়া নিরাপত্তাব্যবস্থা।

‘সেকুলার মিশন’ এবং ‘হিউম্যান রাইটস অ্যান্ড বাংলাদেশ ফ্রিডম ফাইটার্স ফাউন্ডেশন’ (HRBFF) ও ‘পশ্চিমবঙ্গের জন্য’ নামের তিনটি সংগঠনের আমন্ত্রণে কলকাতায় এসেছেন লেখিকা। ওই দুই সংগঠনের নেতৃত্ব ওসমান মল্লিক, মোহিত রায় ও শান্তনু সিংহ ছাড়াও এনসিপিআই দলের পক্ষে বিধায়ক শিউলি সাহা, বিজেপি বিধায়ক সৌরভ শিকদার এবং তসলিমার অনুরাগীদের একাংশ তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

এরপর শনিবার (১ আগস্ট) রবীন্দ্রসদনে মৌলবাদবিরোধী কবি-সাহিত্যিকদের একটি অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে তার। সেই মঞ্চে থাকতে পারেন খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।

২০০৭ সালে তসলিমার ‘দ্বিখণ্ডিত’ উপন্যাসের প্রকাশ ঘিরে উত্তাল হয়ে ওঠে কলকাতা। কট্টরপন্থার বিরুদ্ধে তার আগুনঝরা কলমের খোঁচায় সংখ্যালঘু এলাকাগুলোতে অশান্তি ছড়িয়ে পড়ে। এতটাই অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি যে তা সামলাতে সেনা নামাতে হয়েছিল।

আলোচনাসাপেক্ষে সে সময় তসলিমার বইটিতে নিষেধাজ্ঞা জারি করে তৎকালীন বামফ্রন্ট সরকার। নিরাপত্তাজনিত কারণে কলকাতা ছাড়তে বলা হয় তাকে। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসার পরও দীর্ঘ ১৫ বছর তসলিমাকে কলকাতায় ফেরাতে কোনো রকম পদক্ষেপ করা হয়নি। বিজেপি ক্ষমতায় আসার পরই তসলিমাকে ফেরাতে উদ্যোগ নেয়া শুরু হয়।

মন্তব্য করুন