© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গাজায় ইসরায়েলের গুলি ও বিমান হামলায় শিশুসহ নিহত ৪

শেয়ার করুন:
গাজায় ইসরায়েলের গুলি ও বিমান হামলায় শিশুসহ নিহত ৪

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৫৩ পিএম | ০৫ নভেম্বর, ২০২৬
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের গুলি ও বিমান হামলায় চারজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) এ হতাহতের ঘটনা ঘটে। যারমধ্যে ১২ বছর বয়সী এক শিশুও আছে বলে বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন উদ্ধারকারীরা।

২০২৫ সালের অক্টোবরে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। তবে তা সত্ত্বেও ইসরায়েল গাজায় নিয়মিত হামলা চালায়। তাদের দাবি হামাস যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করছে। অপরদিকে হামাস বলছে, ইসরায়েলি বাহিনী নিয়মিতভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে যাচ্ছে।

গাজার সিভিল ডিফেন্স এজেন্সির মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেছেন, “ইসরায়েলের হামলায় আজ বৃহস্পতিবার চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।”

বাসাল জানিয়েছেন, মধ্য গাজার আল-বুরুজি শরণার্থী শিবিরে ইসরায়েলের চালানো গুলিতে ১২ বছর বয়সী এক শিশুকে হত্যা করা হয়। আল-বুরুজির কয়েক কিলোমিটার দূরের আল-জাওয়াদা শহরে ইসরায়েলি বিমান হামলায় আরও দুজন প্রাণ হারান।

আল-আকসা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের তিনজনকেই নিহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

অপরদিকে গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরে ইসরায়েলি সেনাদের গুলিতে এক নারী নিহত হন।

ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর কাছে এ ব্যাপারে জানতে চাইলে তারা বলেছে, হামাসের সদস্যদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। অপরদিকে খান ইউনিসে এক নারী নিহতের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে তারা।

এক বছরের বেশি সময় আগে যুদ্ধবিরতি হওয়ার পরও দখলদার ইসরায়েল গাজায় ১ হাজার ৬০০ মানুষকে হত্যা করেছে।

সূত্র: এএফপি

এমআর/ 

মন্তব্য করুন