স্পেনকে ‘শেনজেন অঞ্চল’ থেকে সাময়িকভাবে বাদ দেওয়ার আহ্বান মেলোনির
ছবি: সংগৃহীত
০৫:২১ পিএম | ৩১ জুলাই, ২০২৬
মরক্কো সীমান্তবর্তী স্পেনের ছিটমহল সেউতায় হাজার হাজার অভিবাসী প্রবেশের ঘটনায় স্পেনকে ইউরোপীয় ইউনিয়নের ভিসামুক্ত ‘শেনজেন অঞ্চল’ থেকে সাময়িকভাবে বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৩০ জুলাই) ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। প্রয়োজন হলে স্পেনের বিরুদ্ধে শেনজেন চুক্তি স্থগিতের মতো ‘ব্যতিক্রমী ব্যবস্থা’ নেওয়া হতে পারে।
মেলোনি বলেন, সেউতা থেকে আসা দৃশ্য অত্যন্ত উদ্বেগজনক। তার ভাষায়, নিয়ন্ত্রণহীন অবৈধ অভিবাসন ইউরোপের সীমান্ত নিরাপত্তার জন্য বাস্তব হুমকি। তিনি আরও বলেন, এ পরিস্থিতিতে ইতালি নীরব দর্শকের ভূমিকা পালন করবে না।
স্পেন সরকারের সেউতা প্রতিনিধিদল জানিয়েছে, মরক্কো থেকে সাঁতরে সেউতায় প্রবেশের চেষ্টা করতে গিয়ে অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। অভিবাসীদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
এর আগে একই দিনে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি স্পেনের সঙ্গে শেনজেন ব্যবস্থার কার্যকারিতা স্থগিতের পক্ষে মত দেন। তিনি দাবি করেন, অনিয়মিত ও নিয়ন্ত্রণহীন অভিবাসন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। তার অভিযোগ, মাদ্রিদ সরকার পাঁচ লাখের বেশি অনিয়মিত অভিবাসীকে স্প্যানিশ অর্থাৎ ইউরোপীয় নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়ে মানবপাচারকে উৎসাহিত করেছে।
তবে ইতালির এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে স্পেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে লুইস আলবারেস বলেন, অভিবাসন ইস্যুকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয়। তিনি ইতালির মন্তব্যকে ‘অনুপযুক্ত’ আখ্যা দিয়ে বলেন, একটি বন্ধুপ্রতিম ও অংশীদার দেশের কাছ থেকে রাজনৈতিক কটাক্ষ নয়, বরং ইউরোপীয় সংহতি প্রত্যাশা করা হয়।
এদিকে ইতালির উপপ্রধানমন্ত্রী ও কট্টর ডানপন্থী নেতা মাত্তেও সালভিনি শুধু স্পেন নয়, পুরো শেনজেন ব্যবস্থাই সাময়িকভাবে স্থগিত করার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, শেনজেন অঞ্চল ইউরোপের ২৯টি দেশের একটি উন্মুক্ত সীমান্ত ব্যবস্থা, যেখানে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সাধারণত পাসপোর্ট বা সীমান্ত তল্লাশি ছাড়াই অবাধে চলাচল করা যায়।
এমআর/টিকে