© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দেড় শতাব্দী পর লাইব্রেরিতে বই ফেরত, জরিমানা প্রায় ১৯ লাখ টাকা

শেয়ার করুন:
দেড় শতাব্দী পর লাইব্রেরিতে বই ফেরত, জরিমানা প্রায় ১৯ লাখ টাকা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:১৫ পিএম | ০১ আগস্ট, ২০২৬
অস্ট্রেলিয়ার কিয়ামা শহরের একটি পাবলিক লাইব্রেরিতে প্রায় ১৫০ বছর পর একটি বই ফেরত এসেছে। 'অ্যান্টিকুইটিস অব এথেন্স' নামের ১৮৫৮ সালে প্রকাশিত বইটি সম্প্রতি এক ব্যক্তি বাড়ি সংস্কারের সময় একটি বন্ধ ফায়ারপ্লেসের ইটের গাঁথুনিতে থাকা চায়ের বাক্সের ভেতর খুঁজে পান এবং গত সপ্তাহে তা লাইব্রেরিতে ফেরত দেন।

কিয়ামা লাইব্রেরির ম্যানেজার মিশেল হাডসন জানান, মুদ্রাস্ফীতির হিসাব করলে এত বছর পর বইটির বিলম্ব ফি দাঁড়ায় প্রায় ২৮,০০০ অস্ট্রেলীয় ডলার বা ১৯,৫০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ লাখ টাকার সমান। ১৮৭২ সালে লাইব্রেরিটি চালুর সময় বইটির ভেতরের প্রচ্ছদে লেখা নিয়ম অনুযায়ী, প্রতি সপ্তাহে তিন পেন্স করে জরিমানার ভিত্তিতে এই বিশাল অঙ্কের হিসাব করা হয়েছে।

তবে, ১৮৭০-এর দশকের রেকর্ড খাতাটি হারিয়ে যাওয়ায় শেষবার কে বইটি ধার নিয়েছিলেন, তা আর জানা সম্ভব হয়নি। সে সময়কার নিয়ম অনুযায়ী, একটি পরিবারের অন্তত ছয়জন সদস্য পড়তে জানলে তারা সর্বোচ্চ তিনটি বই ধার নিতে পারতেন।

এছাড়া মদ্যপ বা নেশাগ্রস্ত অবস্থায় কাউকে বই দেওয়া হতো না এবং আগের বই ফেরত ও জরিমানা না দেওয়া পর্যন্ত নতুন বই নেওয়া যেত না। হাডসনের ধারণা, এত বিশাল অঙ্কের জরিমানা এড়াতেই হয়তো বইটি আর ফেরত দেওয়া হয়নি।

লাইব্রেরি চালুর সময় এর মূল ১,০০০ বইয়ের সংগ্রহে এই বইটি ৫০৬ নম্বর হিসেবে তালিকাভুক্ত ছিল। চিমনির কাছে কয়েক দশক ধরে পড়ে থাকায় বইটিতে জলের দাগ লেগেছে। হাডসনের মতে, লাইব্রেরি চালুর কয়েক বছরের মধ্যেই এটি হারিয়ে গিয়েছিল। বইটি এখন লাইব্রেরির স্থানীয় ইতিহাস সংগ্রহে প্রদর্শনীর জন্য রাখা হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, আর কখনও বইটি কাউকে ধার দেওয়া হবে না, কারণ এটি ফিরে পেতে তারা আরও ১৫০ বছর অপেক্ষা করতে চান না।

ছবি: সংগৃহীত 

মন্তব্য করুন