৫ আগস্ট পল্টনে সমাবেশ ও গণমিছিলের ঘোষণা ইসলামী আন্দোলনের
ছবি: সংগৃহীত
১০:০৯ পিএম | ০১ আগস্ট, ২০২৬
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজধানী ঢাকার পল্টন মোড়ে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কর্মসূচিতে নেতৃত্ব দেবেন দলের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
শনিবার (১ আগস্ট) রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের থানা নেতাদের যৌথসভা থেকে এ ঘোষণা এসেছে।
সভায় সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে রাজনৈতিক নেতৃত্ব হিসেবে একমাত্র চরমোনাই পীর সরাসরি মাঠে ছিলেন। তিনি দলের অস্তিত্বকে বাজি রেখে আন্দোলনে অংশ নিয়েছিলেন।
তিনি বলেন, আগামী ৫ আগস্ট জুলাইয়ের অবিনশ্বর শক্তির পুনঃপ্রদর্শন করা হবে। জুলাইয়ের প্রত্যাশা অনুযায়ী সংস্কার বাস্তবায়নের দাবিতে সেদিন ঢাকার রাজপথ জনতার স্লোগানে মুখরিত হবে।
যৌথসভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, ৫ আগস্ট বুধবার বেলা ১১টায় পল্টন মোড়ে সমাবেশ শুরু হবে। জোহরের নামাজের আগে গণমিছিল অনুষ্ঠিত হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মাওলানা কে এম শরীয়াতুল্লাহর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন দলটির নগর দক্ষিণের সহ-সভাপতি জিএম রুহুল আমীন, আলহাজ আনোয়ার হোসেন, এমএইচ মোস্তাফা, আলহাজ আব্দুল আউয়ালসহ অন্যান্য নেতারা।
এমআই/টিএ