© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সামাজিক মাধ্যমে অশ্লীল ভিডিও নিয়ে জরুরি বার্তা মৌলভীবাজার-৩ আসনের এমপির

শেয়ার করুন:
সামাজিক মাধ্যমে অশ্লীল ভিডিও নিয়ে জরুরি বার্তা মৌলভীবাজার-৩ আসনের এমপির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:১৩ এএম | ০২ আগস্ট, ২০২৬
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমানকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে ভুয়া, বিকৃত ও অশ্লীল ভিডিও তৈরি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগ উঠেছে।

বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার উল্লেখ করে তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন।

শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক জরুরি বার্তায় এম নাসের রহমান বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার লক্ষ্যে তার রাজনৈতিক প্রতিপক্ষ তার মাথার ছবি অন্য একটি শরীরে বসিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে একটি ভুয়া, বিকৃত ও অশ্লীল ভিডিও প্রচার করছে। এর মাধ্যমে তাকে এবং তার দলকে ছোট করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে তিনি দাবি করেন।

তিনি জানান, এ ঘটনায় ইতোমধ্যে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট ডিজিটাল আলামত সংরক্ষণ, প্রযুক্তিগত বিশ্লেষণ এবং অপরাধীদের শনাক্তকরণের কার্যক্রম চলমান রয়েছে।

এম নাসের রহমান আরও বলেন, সরকারের একটি বিশেষায়িত সংস্থা এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনতে এবং তাদের গ্রেপ্তারের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো ভুয়া বা বিভ্রান্তিকর এআই দিয়ে নির্মিত ভিডিও, ছবি কিংবা তথ্য শেয়ার ও প্রচার করা থেকে সবাইকে বিরত থাকতে হবে। এ ধরনের কনটেন্ট প্রচার বা পুনঃপ্রচার করাও প্রচলিত তথ্যপ্রযুক্তি আইনে দণ্ডনীয় অপরাধ।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে বলেন, অপপ্রচার ও গুজবের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে এবং বিভ্রান্তিকর কোনো তথ্য চোখে পড়লে তা যাচাই না করে প্রচার না করার অনুরোধ জানাচ্ছি।

এদিকে, বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। রাজনৈতিক মহলও ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে দেখছে। সংশ্লিষ্ট মহলের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অপব্যবহার করে ভুয়া ছবি ও ভিডিও তৈরির ঘটনা বিশ্বজুড়েই বাড়ছে। এ ধরনের অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি কার্যকর আইনি পদক্ষেপও জরুরি বলে তারা মনে করছেন।

আরআই/টিএ

মন্তব্য করুন