রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল বিএনপি
ছবি: সংগৃহীত
০১:২৪ এএম | ০২ আগস্ট, ২০২৬
রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী নির্ধারণ ও এ সংক্রান্ত প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান-এর ওপর ন্যস্ত করেছে দলটির স্থায়ী কমিটি।
শনিবার (১ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রায় দেড় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান। বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত ব্রিফিং করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি জানান, বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, স্থানীয় সরকার নির্বাচন এবং দলীয় সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘ ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ার পর ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে এবং নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে। তফসিল ঘোষণার পর দলীয় প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করবেন দলীয় প্রধান তারেক রহমান।
আরআই/টিএ