ফোন করে সৌদির পররাষ্ট্রমন্ত্রীকে সতর্ক করলেন আব্বাস আরাঘচি
ছবি: সংগৃহীত
০৭:৩৯ এএম | ০২ আগস্ট, ২০২৬
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে ফোনে কথা বলেছেন। যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি স্থাপনায় হামলা চালাবে এমন একটি শঙ্কা তৈরি হয়েছে। এরমধ্যেই সৌদির মন্ত্রীকে ফোন করে সতর্ক করেছেন আরাঘচি।
তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি কোনো আগ্রাসন চালায় তাহলে সুনিশ্চিত ও বলিষ্ঠ জবাব দেওয়া হবে। সতর্কতা দিয়ে আরাঘচি জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো যদি এ হামলায় অংশ নেয় তাহলে তাদের টার্গেট করা হবে।
ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে দেশটির জ্বালানি অবকাঠামোতে হামলার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার তিনি তার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে এ নিয়ে আলোচনাও করেন।
এরপর থেকেই ইরান সতর্কতা দিচ্ছে। তারা বলছে যদি তাদের স্থাপনায় হামলা হয় তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলোরও একইরকম স্থাপনায় পাল্টা হামলা হবে।
সূত্র: আলজাজিরা
এমআর/টিএ