হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী
ছবি: সংগৃহীত
০২:৩১ পিএম | ০২ আগস্ট, ২০২৬
আগামী দিনে হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা করছে সরকার বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, সৌদি সরকারের সঙ্গে কর (ট্যাক্স) কমানোর বিষয়ে আলোচনা চলছে। এতে ইতিবাচক ফল এলে হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানো সম্ভব হবে।
শনিবার (১ আগস্ট) রাতে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বেসরকারি হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এ মেলার আয়োজন করে।
মন্ত্রী বলেন, ‘আপনারা সবাই জানেন, বিগত সময়ে হজের বিমান ভাড়া নিয়ে একটি সিন্ডিকেট ছিল। আমাদের সরকারের প্রধানমন্ত্রী সেই সিন্ডিকেট ভেঙে দিয়েছেন।’
তিনি বলেন, হজ ও ওমরাহ শুধু একটি সফর নয়, বরং এটি ঈমানের আহ্বান, আত্মশুদ্ধির যাত্রা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক মহান সুযোগ। তাই এই পবিত্র যাত্রাকে সহজ, নিরাপদ ও সেবামুখী করতে সংশ্লিষ্ট সবাই নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
আফরোজা খানম জানান, প্রধানমন্ত্রী সরকারের সংশ্লিষ্টদের একটাই নির্দেশ দিয়েছেন, যাতে কোনো হজযাত্রী ভোগান্তিতে না পড়েন এবং তারা সাশ্রয়ী মূল্যে নিরাপদ ও মানসম্মত সেবা পান।
হজের বিমান ভাড়া কমানোর তথ্য তুলে ধরে তিনি বলেন, ২০২৪ সালে হজের বিমান ভাড়া ছিল ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা। ২০২৬ সালে তা ১২ হাজার টাকা কমানো হয়। এরপর ২০২৭ সালের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় আরও ২৪ হাজার ৮০০ টাকা কমিয়ে বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকা।
মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার মাত্র পাঁচ মাসের ব্যবধানে মোট ৩৬ হাজার ৮৩০ টাকা বিমান ভাড়া কমিয়েছে। আমাদের চেষ্টা থাকবে সৌদি সরকারের সঙ্গে আলোচনা করে ট্যাক্স কমানো গেলে ভবিষ্যতে ভাড়াও আরও কমিয়ে আনা।’
হজযাত্রীদের খাবার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন আফরোজা খানম। তিনি বলেন, সৌদি সরকার হাজিদের খাবারের দায়িত্ব নিয়েছে ঠিকই, তবে বাংলাদেশি হাজিদের খাদ্যাভ্যাসের বিষয়টিও বিবেচনায় রাখা প্রয়োজন।
তিনি বলেন, ‘আমরা বাঙালি। দূরদেশে গেলে মানুষ ভাত-মাছের মতো পরিচিত খাবারই খেতে চায়। কিন্তু সৌদিতে সাধারণত মাংস বা পোলাওজাতীয় খাবার দেওয়া হয়। এটি আমাদের হজযাত্রীদের জন্য কতটা স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে, সেটি নিয়ে আমার প্রশ্ন আছে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার। হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ, ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মঞ্জুরুল হক, বিমানের ব্যবস্থাপনা পরিচালক কায়জার সোহেল আহমেদ, হাবের সাবেক সভাপতি ইবরাহিম বাহার, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা ইয়াকুব শরাফতি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা)-এর সাবেক সভাপতি কাজী মফিজুর রহমান, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)-এর সভাপতি মোহাম্মদ হানিফসহ সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাবের নির্বাহী কমিটির সদস্য মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী।
এমআর/টিএ