বিবাহবার্ষিকীতে ওমর সানীআমাদের সম্পর্ক কবর পর্যন্ত বেঁচে থাকুক
ছবি: সংগৃহীত
০৪:০৬ পিএম | ০২ আগস্ট, ২০২৬
ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি ওমর সানী ও মৌসুমী। পর্দার রসায়ন থেকে বাস্তবের সংসার, দুই ভুবনেই সফল তারা। তিন দশকেরও বেশি সময় ধরে অটুট রয়েছে তাদের সম্পর্ক। আজ এই তারকাজুটির বিবাহবার্ষিকী।
বরাবরের মতো বিয়ের দিনে প্রিয়তমা স্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন সানী। ফেসবুকে একটি ছবি পোস্ট করে অভিনেতা লিখেছেন, ‘হ্যাপি অ্যানিভার্সারি মৌসুমী। আজ থেকে ৩১ বছর আগে তোমাকে ঘরে তুলেছিলাম। আলহামদুলিল্লাহ, তোমার-আমার ঘর আলোকিত করে এসেছে ফারদিন এবং ফাইজা। বেঁচে থাকুক আমাদের সম্পর্ক কবর পর্যন্ত; আমীন।’

চার ঘণ্টায় ওমর সানীর ওই পোস্টে প্রায় ৩৯ হাজার প্রতিক্রিয়া এসেছে। আর মন্তব্য প্রায় সাড়ে তিন হাজার। সকলেই তাদের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন।
ওমর সানী ও মৌসুমীর দেখা হয়েছিল ১৯৯২ সালে। তখন সানীর প্রথম সিনেমা মুক্তি পেয়েছে, আর মৌসুমীর প্রথম ছবি ‘কেয়ামত থেকে কেয়ামত’ মুক্তির অপেক্ষায়। নতুন একটি সিনেমায় সানী-মৌসুমীকে একসঙ্গে নেয়ার আগ্রহ প্রকাশ করেন পরিচালক শেখ নজরুল ইসলাম। সে বিষয়ে আলোচনার জন্যই মৌসুমীর বাসায় বৈঠক হয়। তখনই তাদের প্রথম দেখা ও আলাপ হয়।

যদিও সে ছবিটি করেননি মৌসুমী, অন্য ব্যস্ততায় ফিরিয়ে দিয়েছিলেন। ১৯৯৩ সালে প্রথমবার একসঙ্গে ছবি করেন সানী-মৌসুমী। নাম ‘দোলা’। এ ছবির শুটিংয়ে মৌসুমীর সঙ্গে মনোমালিন্য হয় সানীর। পরে সে ঘটনার রেশ ধরেই তার প্রতি মায়া জন্মে অভিনেতার। মনে মনে ভালোও বেসে ফেলেন।
অতঃপর মৌসুমীর দিক থেকে সাড়া আসতেও বেশিদিন লাগেনি। ১৯৯৫ সালের ২ আগস্ট বিয়ে করেছিলেন তারা। এ বছরও বিবাহবার্ষিকীর দিনে মৌসুমী ও সানী একসঙ্গে নেই। কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে রয়েছেন মৌসুমী। তাই মুঠোফোনেই আপাতত ভালোবাসা বিনিময় চলছে তাদের।
এসএ/টিএ