জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ছাত্রদল : নাছির উদ্দীন
ছবি: সংগৃহীত
০৯:০২ পিএম | ০২ আগস্ট, ২০২৬
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, জুলাই আন্দোলনে একমাত্র ছাত্র সংগঠন হিসেবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ছাত্রদল। এ আন্দোলনে ছাত্রদলের ১৪২ জন নেতাকর্মী শহীদ হয়েছেন। শহীদ ওয়াসিম, শহীদ রাব্বিসহ যারা বুকের তাজা রক্ত দিয়েছেন, তারা একটি গণতান্ত্রিক, সাম্যভিত্তিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন।
রোববার (২ আগস্ট) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ‘রক্তাক্ত জুলাই: স্মরণ ও প্রত্যয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাছির উদ্দীন নাছির বলেন, আমাদের দলের সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গত ১৭ বছর আমরা আন্দোলন-সংগ্রাম করেছি। ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের মধ্য দিয়ে সেই আন্দোলন সফলতা লাভ করে। জুলাই-আগস্টের রক্তক্ষয়ী আন্দোলনে প্রকাশ্যে রাজপথে থেকে সংগ্রাম করেছে ছাত্রদল। এ আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ছাত্রদল।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে আহতদের পরিবারের খোঁজখবর নিয়েছি এবং নিহতদের কবর জিয়ারত করেছি। শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই একটি গণতান্ত্রিক, সাম্যভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার পথ তৈরি হয়েছে।
রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরদার জহুরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলিম এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ মামুন।
এমআই/টিএ